খুঁজুন
, ,

ভারতের কাছে ফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 November, 2022, 7:31 pm
ভারতের কাছে ফের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভয় জেগেছিল, বৃষ্টির জল না জানি আবার কান্না হয়ে উঠে আসে সাকিব আল হাসানদের চোখে! তীরে এসে তরী ডোবার গল্পটাও তো আর নতুন নয় বাংলাদেশের।

অ্যাডিলেড ওভালে বৃষ্টির আগে রীতিমতো রূপকথার জন্ম দিচ্ছিল লিটন দাসের যাদুকরী ব্যাটিং। বৃষ্টি শেষে কনকনে হিমেল হাওয়ায় নতুন লক্ষ্যে লড়াইটাও সহজ ছিল না। ৫৪ বলে ৮৫। হাতে দশ উইকেট। তেমন একটা মঞ্চ পেয়েও হয়নি। খেলাটা শেষ ওভার অব্দি উত্তেজনার তুঙ্গে থাকল। জয়ের স্বপ্ন বেঁচে থাকল শেষ বলটি পর্যন্ত। কিন্তু মিলল না সমীকরণ!

২০১৫ সালে যে মাঠে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ সেখানে এবার হাত ফসকে গেল একটা জয়, একটা ঐতিহাসিক জয়! তবে নিশ্চিত করেই পয়সা উসুল এক ম্যাচ। যেখানে জয় ক্রিকেটেরই!

শেষ ওভারে এসে ফয়সালা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ভারত জিতল ৫ রানে। এই হারে সেমির দরজা এক প্রকার বন্ধই হয়ে গেল বাংলাদেশের। হারলেও লড়েছে এই শান্তনাটুকু শুধু সঙ্গী। এই অ্যাডিলেড ওভালেই ৬ নভেম্বর টাইগাররা লড়বে পাকিস্তানের সঙ্গে!

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়টা জরুরী ছিল দুই দলেরই। সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার এই ম্যাচে হাসিমুখ বাংলাদেশেরই। দিন-রাতের এই ম্যাচে বুধবার টস জিতে ভারতকেই প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ১৮৪ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলতেই ওভালে নেমে আসে বৃষ্টি! মাঠে হাজির প্রায় হার চল্লিশেক দর্শকের দুর্ভোগ বাড়িয়ে দেন অনাকাংখিত সেই অতিথি। তারপর তো সর্বনাশ বাংলাদেশের।

বৃষ্টিতে কমে চার ওভার। এ অবস্থায় ১৬ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৫১ রান। মানে শেষ ৯ ওভারে সাকিবদের চাই ৮৫ রান। ঠিক এমন সময়ে ১০ উইকেট হাতে নিয়ে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির পর প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। রান আউট লিটন দাস। লোকেশ রাহুলের সরাসরি থ্রোতে সর্বনাশ। ২৭ বলে তিন ছক্কা ও সাত চারে ৬০ রান তুলে ফেরেন লিটন। তার আগে ২২ বলে ফিফটি তুলে নেন যা কি-না এবারের বিশ্বকাপের দ্বিতীয় দ্রুতগতির ফিফটি।

লিটনের পর নাজমুল হোসেন শান্তও আটকে যান। তিনি ফেরেন ২৫ বলে ২১ রানে। এখানেই যেন ম্যাচটাও হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ কেউ আর লিটনের লড়াইটাকে পূর্ণতা দিতে পারলেন না। ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানে আটকে গেল বাংলাদেশ। শেষ ওভারে জিততে ২০ রান প্রয়োজন থাকলেও সেটি আর করা হয়ে উঠল না! কিন্তু কাছে গিয়ে হারল দল। শেষ বলে প্রয়োজন ছিল ৭ রান। হলো ১ রান।

অথচ পুরোটাই লেখা হতে পারতো বাংলাদেশের গল্প। কারণ একজন লিটন লড়ছিলেন একা! মনে হচ্ছিল ভারতের ছুঁড়ে দেওয়া ১৮৪ কোন ব্যাপারই নয়। তার ব্যাটে একেকটা শট শিল্পীর তুলির আঁচড় যেন। লিটন দাস যেদিন খেলেন সেদিনই সবুজ মাঠের ক্যানভাসে এমনই মায়াজাল ছড়িয়ে পড়ে! বুধবার ভারতকে পেয়ে শুরু থেকেই ভিন্ন এক মেজাজে। প্রিয় পজিশন ওপেনিংয়ে নেমে সেই সহজাত ব্যাটিং, চার ছক্কা ফোয়ারা। তাকে আটকাতে কতো কী যে করলেন রোহিত শর্মা। বোলিংয়ে একের পর এক পরিবর্তন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বাংলাদেশের এই ওপেনার উড়লেন। তাণ্ডব চালালেন। ঝড় বইয়ে দিলেন অ্যাডিলেড ওভালে।

কিন্তু শীতের বিদায় লগ্নে এখানে বৃষ্টি বড্ড বেরসিক। লিটন-ঝড়ের পর বৃষ্টিতে খেলা বন্ধ। যখন ভারতের কোন বোলারই আটকাতে পারছিলেন না তাকে, তখন কিন্তু বৃষ্টি থমকে দিল লিটনকে। তখন ৭ ওভারে বাংলাদেশ তুলে বিনা উইকেটে ৬৬ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে তখন জিততে বাংলাদেশের প্রয়োজন ৪৯ রান। মানে তখন সাকিব আল হাসানের দল ১৭ রানে এগিয়ে। বৃষ্টি না হলে জিততো বাংলাদেশই।

তবে সেই বৃষ্টি থেমেছে কিছু পরেই। এরপরই খেলার মোমেন্টাম হারিয়ে ফেলে বাংলাদেশ। খেলা শুরু হতেই নতুন লক্ষ্যের সঙ্গে আর কুলিয়ে উঠা হয়নি।

এর আগে অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ব্যাট রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠান সাকিব আল হাসান। কিন্তু সেই সিদ্ধান্ত কতোটা যৌক্তিক ছিল সেই প্রশ্নটা উঠবেই। কারণ বোলাররা ঠিকঠাক কাজটুকু করতে পারেন নি। সঙ্গে ফিল্ডিংটাও যুতসই মতো হলো না! এদিনও প্রথম উইকেটটা পেতে পারতেন তাসকিন আহমেদ। একদম ম্যাচের শুরুতেই। তাসকিন আহমেদের কৌশলে বোকা বনে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। সীমানায় সামনে হাসান মাহমুদের হাতে পড়েছিল একেবারে সহজ ক্যাচ। কিন্তু সেটিও হাতে জমাতে পারেন নি তিনি। ১ রানে জীবন পান ভারতীয় অধিনায়ক। তখন ভারতের ছিল ১০ রান!

তবে প্রায়শ্চিত্ত করতে দেরি করেন নি হাসান। ক্যাচ হাতছাড়া করার পরের ওভারে বোলিংয়ে এসেই সেই রোহিতকেই দেখিয়ে দেন সাজঘরের পথ। অফ স্টাম্পের বাইরের বলে খেলতে না পেরে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন ইয়াসির রাব্বির হাতে। ২ রানে ফেরেন রোহিত। হাঁফ ছেড়ে বাঁচেন হাসান!

এরমধ্যে সাকিব একটা সাহসী সিদ্ধান্তও নিয়ে ফেলেন। কোন বিরতি ছাড়াই সেরা অস্ত্র তাসকিনের বোলিং একটানা শেষ করে দেন। এক স্পেলে এই পেসার চার ওভার করে দেন মাত্র ১৫ রান। রোহিতের ক্যাচটা হাসান না ফেললে একটা উইকেটও পেতে পারতেন তিনি! এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথমবার কোন ম্যাচে উইকেটশূন্য থাকলেন তাসকিন।

তাসকিন রান না দিলেও থেমে থাকেনি ভারত। রান উৎসব চলেই তাদের। গ্যালারির গর্জন বাড়িয়ে খেলতে থাকেন লোকেশ রাহুল। তবে ফিফটি করতেই তাকে তুলে নেন সাকিব। জোরে হাঁকাতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলেন মুস্তাফিজুর রহমানের হাতে। তাতেই ভাঙে লোকেশ-বিরাট কোহলির ৩৭ বলে ৬৭ রানের জুটি। আর তিনি বিদায় নেন ৩২ বলে ৫০ রানে। ইনিংসে ছিল চার ছক্কা ও তিন চার। ভারত তখন ১০ ওভারে ২ উইকেটে ৮৬।

তারপরই ম্যাচের লাগামটা বাংলাদেশের হাতে এসেই যেতে পারতো। ১১তম ওভারে মুস্তাফিজুর রহমানের ওভারের সময় বিরাট কোহলি হতে পারতেন রান আউট। পরের ওভারে সাকিব আসেন তখন শর্ট ফাইন লেগে সূর্যকুমার যাদবের ক্যাচটা জমাতে পারেন নি মুস্তাফিজ।

কিন্তু সূর্যকুমার ঠিকই ফাঁদে পড়েন। তাকে বোল্ড করেন সাকিব। সাকিবের সোজা আসা বলে কাট করতে চেয়েছিলেন সূর্যকুমার। লাইন মিস করে বোল্ড হয়ে তিনি। তার আগে খেলে যাচ্ছেন ‘ইম্প্যাক্ট’ময় এক ইনিংস। ১৬ বলে চারটি চারে ৩০। এই উইকেটটা তুলে নিয়ে নতুন উচ্চতায় পা রাখেন সাকিব। টিম সাউদির সঙ্গে যৌথভাবে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। ১২৭ উইকেটের মালিক বাংলাদেশ অধিনায়ক। এদিন সাকিব ৪ ওভারে ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট।

তবে তখনও অপ্রতিরোধ্য বিরাট কোহলি। দুঃসময়টা ফের পেছনেই ফেলে এসেছেন তিনি। সেটি আরও একবার বুঝিয়ে তুলে হাফসেঞ্চুরি। এবারের বিশ্বকাপে দুইশর বেশি রান তুলে শীর্ষে তিনিই। এদিন কোহলি খেললেন ৪৪ বলে হার না মানা ৬৪ রানের ইনিংস। ৬ বলে ১৩ রবিচন্দ্রন অশ্বিনের। ভারত উঠে যায় চূড়ায়, ১৮৪! হাসান ৪ ওভারে ৪৭ রানে তুলেন ৩ উইকেট। সৌম্য সরকারের জায়গায় ফেরা শরিফুল ইসলাম খরুচে ৪ ওভারে কোন উইকেট না নিয়ে ৫৭!

সুখস্মৃতির মাঠে ইতিহাসটাই বাংলাদেশকে মনে করিয়ে দিল ভারত। টি-টোয়েন্টির দ্বৈরথে ১২ লড়াইয়ে ১১টিতেই হার বাংলাদেশের। কিন্তু অনাহুত বৃষ্টিতেই আজ সর্বনাশ! না হলে ভারত বধের গল্পটা লেখা হয়ে যেতে পারতো অ্যাডিলেড ওভালে। যেখানে রূপকথার গল্প লেখার কথা সেখানে বৃষ্টি শেষে কাঁদল বাংলাদেশ!

২৪ঘণ্টা/এনআর

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।