বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান আর নেই
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া আটটায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
আব্দুল মান্নানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি। তিনি জানান, আজ সকাল সোয়া আটটায় তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় আব্দুল মান্নানকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আব্দুল মান্নান ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিবও ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।


আপনার মতামত লিখুন