রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে আগুন দেয়। এ সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। পরে কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে, সোমবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুর, উত্তরা ও ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



আপনার মতামত লিখুন