খুঁজুন
রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ শর্তে মসজিদ খোলা রাখার আহ্বান আহমদ শফীসহ শীর্ষ আলেমদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৯:৪৮ অপরাহ্ণ
১৪ শর্তে মসজিদ খোলা রাখার আহ্বান আহমদ শফীসহ শীর্ষ আলেমদের

সুস্থ মানুষদের জন্য মসজিদে জুমা, জামাত ও তারাবির নামাজ আদায়ের জন্য সকল মসজিদ খোলা রাখার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফীসহ দেশের শীর্ষ আলেমরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্যাডে সংস্থাটির অফিস সম্পাদক মু. অছিউর রহমান কর্তৃক পাঠানো বিবৃতিতে এ কথা হয়েছে।

পাঠানো বিবৃতিতে বলা হয়, রমজান মাস অত্যাসন্ন। এ মাস রহমত ও নাজাতের মাস। করোনাভাইরাসহ সমস্ত বালা-মসিবত থেকে মুক্তির জন্য এ মাসের সদ্ব্যবহার একান্ত জরুরি। তাই নিম্নোক্ত ১৪ শর্ত মেনে সরকারের প্রতি আল্লামা শাহ আহমদ শফী ও দেশের শীর্ষ আলেমরা সুস্থ ব্যক্তিদের জুমা, পাঁচ ওয়াক্তের জামাত ও তারাবি আদায়ের জন্য নামাজের সময় সব মসজিদ খোলা রাখার আহ্বান জানাচ্ছি।

হেফাজত আমিরের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।

যেসব শর্তপূরণ সাপেক্ষে মসজিদ খোলা রাখার আহ্বান জানানো হয়েছে-

১. মসজিদে কার্পেট, জায়নামাজ বা গালিচা বিছানো যাবে না।

২. জুমার বয়ান, খুতবা, জামাত ও দোয়া সংক্ষিপ্ত করা হবে এবং নামাজের আগে বা পরে মসজিদের ভেতরে বা সামনে জড়ো হওয়া যাবে না।

৩. পঞ্চাশোর্ধ বয়সের মুসল্লি এবং ১২-১৩ বছর পর্যন্ত বয়সের বালক মসজিদে আসবে না।

৪. যাদের সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট আছে- যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন কিংবা যারা উক্তরূপ মানুষের সংস্পর্শে গিয়েছেন তারা মসজিদে আসবে না।

৫. যারা বিভিন্ন রোগে আক্রান্ত এবং যারা অসুস্থদের সেবায় নিয়োজিত তারা মসজিদে আসবেন না।

৬. যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন তারাও আসবেন না।

৭. পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদকে জীবাণুনাশক ইত্যাদি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করবে এবং অজুখানায় অবশ্যই সাবান ও পর্যাপ্ত টিস্যু রাখবে।

৮. মুসল্লিদের দু’জনের মাঝে অন্তত দুই ফুট পরিমাণ জায়গা ফাঁক রেখে দাঁড়াতে হবে।

৯. বাসা থেকে অজু করে যেতে হবে এবং হাত ও পা ভালোভাবে ধুয়ে মুছে যেতে হবে।

১০. বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। পরস্পর হাত মেলানো ও আলিঙ্গন থেকে বিরত থাকতে হবে।

১১. সম্মিলিত ইফতারের আয়োজন করা যাবে না।

১২. মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে।

১৩. ইমাম, মোয়াজ্জিন ও খাদেম সাহেবদের প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

১৪. বিষয়গুলোর প্রতি লক্ষ রাখার জন্য প্রতি মসজিদে একটি করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে।

বিবৃতিতে বলা হয়, এ সব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে কিংবা কোনো এলাকায় আক্রান্ত সংখ্যা অস্বাভাবিক হয়ে গেলে প্রশাসন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, করোনাভাইরাসের ক্রমবর্ধমান এই বিস্তার নিঃসন্দেহে মহান স্রষ্টার সীমাহীন ক্ষমতার বহিঃপ্রকাশ। এতে মানবজাতির জন্য বিরাট পরীক্ষা ও চিন্তার খোরাক রয়েছে; জ্ঞান-বিজ্ঞানের প্রভূত উন্নতি ও অগ্রগতি সত্ত্বেও মানুষ কত অসহায়! তাই মানবজাতির সর্বপ্রথম করণীয় হলো- নিজেদের অক্ষমতা প্রকাশ করে মহান মালিকের শ্রেষ্ঠত্ব ও বড়ত্ব স্বীকারপূর্বক তার শরণাপন্ন হওয়া এবং এই বিপদ থেকে মুক্তির জন্য সকাতর প্রার্থনা করা। একজন মুসলিমের জন্য এ অবস্থায় প্রধান করণীয় হলো- সকল প্রকার গোনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা এবং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনযাপন করা।

বিবৃতিদাতারা হলেন: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী, কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছ, মুফতি রুহুল আমীন, মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপর), মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল হালিম বোখারি, মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আব্দুল বাছীর, মুফতি আরশাদ রাহমানি, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলেহুদ্দীন রাজু, মুফতি মাহফুজুল হক, মুফতি জসিমুদ্দীন, মাওলানা আনাস মাদানি, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা মুহাম্মাদ ইসমাইল, মুফতি আব্দুল মালেক, মুফতি দেলোয়ার হুসাইন, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি এনামুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা রিজওয়ান, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা মাসঊদুল করিম, মাওলানা মুফতি নাজমুল হাসান

Feb2

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (০৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ৪দিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ। আমরা সেই সব কিছু অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব, আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি, দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের বেশিরভাগ নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। তারা সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে এসএমপি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
শাহ আমানতে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে ১৩৪৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময় আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১০৬৫ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

আটক যাত্রীর নাম মো. শামসুদ্দিন। বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে আটক যাত্রীকে প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে বিমানবন্দর এনএসআই ও ডিজিএফআইয়ের নেতৃত্বে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ করা সিগারেটের ওপর আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব প্রযোজ্য। পণ্যগুলো বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও রাজস্ব ফাঁকি ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।