করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ফটিকছড়ির ডাঃ আব্দুল বাসেত
ফটিকছড়ি প্রতিনিধি:::করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফটিকছড়িতে প্রথম শনাক্ত করোনা রোগী ডাঃ আবদুল বাসেত হাসান (২৯)। তিনি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় করোনা পজেটিভ হন।
শুক্রবার (১ মে) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় এ উপজেলা লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর মর্মে এক গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন।
গত ২২ এপ্রিল (বুধবার) রাতে ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্লু কর্ণারের চিকিৎসক ডাঃ আব্দুল বাসেত হাসান (২৯) এর করোনা পজেটিভ হয়েছিল।
আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ী সাতকানিয়া উপজেলা বাজালিয়ায়। তিনি চাকরীর সুবাদে পরিবার নিয়ে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে ভাড়া বাসায় থাকেন। আড়াই মাস আগে তিনি একই হাসপাতালের অপর চিকিৎসক এবং ফটিকছড়ির কন্যা ডাঃ তানজিলাকে বিয়ে করেন। গত ২২ এপ্রিল (বুধবার) রাতেই তার বাসা লকডাউন করা হয় এবং তার সঙ্গে থাকা স্ত্রী ও সংস্পর্শে আসা অন্যান্য চিকিৎসকদের কোয়ারেন্টাইনে রাখা হয়।
গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) আক্রান্ত চিকিৎসককে ‘আল মানাহিল ফাউন্ডেশন’র একটি এম্বুলেন্স যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়। এছাড়া তার স্ত্রী ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হলেও কারোরই করোনা পাওয়া যায়নি।
ফটিকছড়ির ওই একজন চিকিৎসকের করোনা পজেটিভ হবার প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যে লকডাউন ঘোষণা করা হয়েছে; তা এখনো বলবৎ আছে। তবে ওই চিকিৎসক সুস্থ হবার পরও লকডাউন বহাল থাকবে কিনা- ভেবে দেখা উচিত মনে করে অভিজ্ঞ মহল।
২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ


আপনার মতামত লিখুন