লোহাগাড়ায় ফের ধরা ৪ পাচারকারী, পেঁচা-লজ্জাবতী বানর উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ গেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ফের উদ্ধার করা হয়েছে বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর ও একটি পেঁচা। বান্দরবানের আলীকদম, নাইক্ষ্যংছড়ি, চুনতির গহিন অরণ্য থেকে বিপন্ন প্রজাতির প্রাণী পাচারের সময় গত পাঁচ মাসের ব্যবধানে এ রুটে চারবার বন্য প্রাণী উদ্ধার ও পাচারকারী চক্রের সদস্যদের আটকের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকালে বান্দরবান জেলার আলীকদম থেকে এসব বন্যপ্রাণী পাচার হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলো মো. মোবারক (২৭), মো. মহিউদ্দিন (২৪), সাদ্দাম হোসেন (২৭) ও মো. আজহার শিকদার (৪১)।
পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল বান্দরবানের আলী কদম থেকে মোটরসাইকেলে করে পাচার হচ্ছে। এ সময় ফাঁদ পেতে তাদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর তাৎক্ষণিক উপজেলা অফিসারকে খবর দেওয়া হলে অভিযানে যুক্ত হয় ভ্রাম্যমাণ আদালত।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, আটক ব্যক্তিরা বিপন্ন প্রজাতির প্রাণীগুলো পাচারের কথা স্বীকার করেছেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি শাস্তিযোগ্য অপরাধ। আটককৃতদের আইন অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান কালবেলাকে বলেন, উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো নিরাপদ আবাসস্থলের জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রুটে এর আগেও বন্য প্রাণী পাচারের সময় উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। গহিন অরণ্য থেকে বন্যপ্রাণী পাচার রুখতে তদারকি ও অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন