খুঁজুন
, ,

পচা বাসি ভেজাল মুক্ত মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করুন-সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 1 January, 2020, 8:17 pm
পচা বাসি ভেজাল মুক্ত মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করুন-সুজন

নিরাপদ খাদ্য ব্যস্থাপনার লক্ষ্যে পচা বাসি ভেজাল মুক্ত মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজার প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ বুধবার (১ জানুয়ারী) বিকেলে আগ্রাবাদ জাম্বুরী পার্কস্থ বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের দপ্তরে এক মতবিনিময় সভায় উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় সুজন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সাধারন জনগনের মাঝে নিরাপদ খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে নানাবিধ প্রকল্পের মাধ্যমে বিএসটিআইকে গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছে। বিএসটিআইও সে লক্ষ্যে তাদের কর্মকান্ড পরিচালনা করছে। তথাপি আমরা সাধারন জনগন উদ্বিগ্ন এবং শংকিত। কতিপয় অসাধু ব্যবসায়ীরা যেভাবে ভেজালের জাল বিস্তৃত করে রেখেছে তার থেকে সাধারন জনগনকে মুক্তি দিতে বিএসটিআইয়ের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। শুধুমাত্র মাঝে মাঝে কিছু কারখানা কিংবা দোকানপাটে অভিযান পরিচালনা করে জনগনকে ভেজালের হাত থেকে মুক্ত করা কোনভাবেই সম্ভব নয়। এজন্য প্রয়োজন সারা বছরব্যাপী পরিকল্পিত অভিযান। কারন আপনাদের মনে রাখতে হবে সরকারী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই জনগনের নিকট দায়বদ্ধ। জনগনের দায়বদ্ধতা থেকে কাজ করার জন্য বিএসটিআই এর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর নিকট উদাত্ত আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, ইদানিং আমরা লক্ষ্য করছি ভেজাল খাদ্য উৎপাদনকারী এবং বিপণনকারীরা তাদের নিত্য নতুন অপকৌশল চালিয়ে যাচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন হরিপুর থেকে তেল এনে পরিশোধিত করে বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠান সেই তেল পেট্রোল পাম্পে ব্যবহার করছে। যার ফলে জনসাধারনের লাখ লাখ টাকার গাড়ীর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। নষ্ট হচ্ছে ইঞ্জিন সহ দামী যন্ত্রপাতি। তাছাড়া সৌদি আরব এবং অন্যান্য দেশ থেকে ব্রোষ্টের তেল এনে সেই তেল পরিশোধিত করে ভোজ্য তেলের সাথে মিশ্রন করে প্রকাশ্যে বাজারে বিক্রয় করা হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে আমদানীকৃত পচা বিবর্ণ খেজুর বাজারে বিক্রয় হচ্ছে। সাধারন জনগন না বুঝে এসব পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছে। জনসন্মূখে এতোসব অপকর্ম চললেও বিএসটিআইয়ের কার্যত কোন দৃষ্টি নেই তাদের বিরুদ্ধে। ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি আসন্ন রমজানকে টার্গেট করে ভেজাল খাদ্য উৎপাদনকারীরা এখন থেকেই ভোজ্যতেল, সেমাই, লাচ্ছা সেমাই, নুডুলস, ঘি সহ প্রয়োজনীয় ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন শুরু করে দিয়েছে। কারণ রমজানের সময় আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারি থাকে তাই এ সময়টাকে টার্গেট করে তারা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। আগে তারা বিভিন্ন হাট বাজারে তাদের ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন করে বিপণন করতো। কিন্তু এখন তারা সরকারের বিভিন্ন বাহিনীর লোক চক্ষুর অন্তরালে অভিজাত এলাকার বাসা বাড়ি কিংবা ফ্ল্যাটে তাদের ভেজাল খাদ্য দ্রব্যের উৎপাদন চালিয়ে যাচ্ছে। তাদের চাকচিক্য মোড়কে ভোক্তাগণ প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে। বিভিন্ন নামহীন ব্র্যান্ডধারী অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত মিনারেল ওয়াটার নামক দূষিত পানি পান করে জনগন প্রায়শই দীর্ঘ মেয়াদী পীড়ায় পতিত হচ্ছে। এসব ভেজাল পণ্য সামগ্রী গ্রহণ করে বিভিন্ন পীড়ায় পতিত দেশের জনগনের আয়ের বিরাট একটি অংশ অসুখ বিসুখে ব্যয় হচ্ছে। তাই জনগনকে এসব ভেজাল খাদ্র দ্রব্য থেকে মুক্তি দিতে বিএসটিআইকে কার্যত একটি শক্তিশালী সেবাধর্মী প্রতিষ্টানে পরিনত করার উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান সুজন।

তিনি নিত্য নতুন প্রযুক্তি কিংবা অ্যাপস ব্যবহারের মাধ্যমে সাধারন জনগনের কাছাকাছি পৌছে ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদনকারী এবং সরবরাহকারীর তথ্য সংগ্রহ করার আহবান জানান। এছাড়া ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদনকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয় প্রয়োজনে আইন করে জেলসহ কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পরিচালকের নিকট আহবান জানান।

বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজা আন্তরিকতার সাথে নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দকে তার সাথে মতবিনিময় করতে আসায় সাধুবাদ জানান। তিনি বলেন বিভিন্ন সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া মারফত আমি নাগরিক উদ্যোগের জনহিতকর কর্মকান্ড সম্পর্কে অবহিত হয়েছি। সমাজের দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করার জন্য তিনি নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন যে কোন রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে জনগন। জনগন সচেতন থাকলে সেখানে কোন অনিয়ম দূর্নীতি দীর্ঘস্থায়ী হয় না। তিনি আরো বলেন ইতিমধ্যে মহাপরিচালক মহোদয় সকল আঞ্চলিক কার্যালয়কে ভেজাল খাদ্র দ্রব্য উৎপাদন এবং বিপণন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার সাথে নাগরিক উদ্যোগের উত্থাপিত বিষয়গুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। বিএসটিআইকে গতিশীল করার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রস্তাবিত তিন তলার স্থলে ইতিমধ্যে দশ তলা ভবন নির্মাণের অনুমোদন প্রদান করা হয়েছে। যার উন্নয়ন কাজও চলমান। এছাড়া পঞ্চাশ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতিও ক্রয় করা হয়েছে। নতুন ভবনে স্থানান্তরিত হলে বিএসটিআই নব উদ্যোমে কাজ করার অঙ্গীকার করবে জানিয়ে তিনি বলেন তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আর ঢাকায় যেতে হবে না। চট্টগ্রামেই সমগ্র পণ্যের পরীক্ষা নিরীক্ষা করা যাবে।

তিনি বিএসটিআইকে জনগনের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য তথ্য প্রযুক্তিবিদের পরামর্শ গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআই উপ-পরিচালক (মেট) মোঃ শওকত ওসমান, উপ-পরিচালক (সিএম) মোঃ নুরুল আমিন, রাজনীতিবিদ আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, অধ্যক্ষ কামরুল হোসেন, মোঃ শাহজাহান, মোঃ জাহাঙ্গীর, মোঃ নাছির, সফি আলম বাদশা, নগর ছাত্রলীগ সভাপতি এম ইমরান আহমেদ ইমু, মোঃ ওয়াসিম, আজম আলী জুয়েল, জাহিদুল ইসলাম প্রমূখ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।