গরীব উল্লাহ শাহ মাজার এলাকায় অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চসিক প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২৫ সন্ধ্যা
গরীব উল্লাহ শাহ মাজার এলাকায় অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চসিক প্রশাসক

হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রাঃ) মাজার এলাকায় কোনো ধরনের মাদক, সন্ত্রাসী ও অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, মাজার একটি পবিত্র স্থান। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ জিয়ারত ও ইবাদত করতে আসেন। তাই মাজারের পবিত্রতা ও পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। মাজার এলাকায় কোনো ধরনের মাদক, সন্ত্রাস কিংবা অনৈতিক কর্মকাণ্ড যাতে সংঘটিত হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি রবিবার (২৯ নভেম্বর) সকালে নগরীর দামপাড়া খাজা গরিব উল্লাহ শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে আশ্রয় নেওয়া অসহায় মানুষের মাঝে কম্বল, মশারি ও বালিশ বিতরণকালে এসব কথা বলেন।

সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে ২০০ অসহায় মানুষের মাঝে মশারি, বালিশ ও কম্বল বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, মাজারে আশ্রয় নেওয়া মানুষগুলোকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষায় দেওয়া হচ্ছে মশারি। পাশাপাশি শীতের রাতে স্বস্তিতে থাকার জন্য বিতরণ করা হচ্ছে কম্বল ও বালিশ।

ডা. শাহাদাত বলেন, মাজারের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দানবাক্স খোলার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয় এবং সংগৃহীত অর্থ যথাযথ প্রক্রিয়ায় ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাজার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাজারে আগত মুসল্লি, ভক্ত ও সংশ্লিষ্ট সবাইকে পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মাজারের পরিবেশ সুন্দর ও পবিত্র রাখতে সবাইকে সচেতন হতে হবে।

শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সদস্য আবদুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, আবদুল আহাদ রিপন, মো. রুবেল, আবদুল মান্নান, হিসাব রক্ষক আনিসুর রহমান, রায়হান আলম, জাহাঙ্গীর হোসেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা নেছার উদ্দিন, মোয়াজ্জেম হাফেজ মাওলানা ইমরানুল ইসলাম, সহ মোয়াজ্জেম হাফেজ মাওলানা আবু বক্কর, এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা শফিউল আলম, হাফেজ মাওলানা আবুল বশর প্রমুখ।

Feb2
Feb2