তাবিথের সঙ্গে বৈঠক করলেন ব্রিটিশ হাইকমিশনার
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটিশ সরকার চায় অবাধ অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন হোক।’
এই নির্বাচন নিয়ে ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন বলে জানান তিনি।
এসময় বৈঠক প্রসঙ্গে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল জানান, ‘হাইকমিশনার এই নির্বাচন নিয়ে তার সরকারের অবস্থান সম্পর্কে আলোচনা করেন। তারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন।’
ইভিএম প্রসঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তাবিথ আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে আমরা ইসিকে যা বলেছি তা হাইকমিশনারকে জানানো হয়েছে।’ এই পদ্ধতি যেন সহজভাবে মানুষ ব্যবহার করতে পারে সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুল, আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ুম, সেলিম ভূইয়া,জেবা খান, সুলতানা আহম্মেদ প্রমুখ।
এছাড়া ব্রিটিশদূতাবাসের দুই জন কর্মকর্তাও সেসসম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন