বাঁশখালীর পুঁইছড়িতে বন্য হাতির আক্রমণে মারা গেছে রিকশাচালক
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা গেছে এক রিকশাচালক। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার পাহাড়ি এলাকা হিমছড়িতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিকশা চালকের নাম জহুরলাল দেব প্রকাশ কালাবাঁসি (৩৩)। তিনি একই ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রাজ চন্দ্র দেবের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার জলদী অভয়রন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। তিনি প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের স্বজনদের বরাতে বলেন, শনিবার রাতে আকস্মিকভাবে তিনটি বন্য হাতির একটি পাল পাহাড় থেকে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া এলাকায় নেমে আসে।
রাতের অন্ধকারে পাহাড়ি ওই এলাকায় নিহত জহরলালের বাড়ির কাছেই হাতির আক্রমনের শিকার হন জহরলাল নিজেই। আক্রমনে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ টাকার আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে জানালেন এ বন কর্মকর্তা।
অন্যদিকে বন্য হাতির আক্রমনে রিকশা চালকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শণে যান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি তাৎক্ষনিক নিহত জহুর লাল দেবের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন