ময়মনসিংহে নারী পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার,স্বামী আটক
ময়মনসিংহ নগরীর কাশর বৌবাজার এলাকায় জবা আক্তার সুইটি (২২) নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী হাফিজ আল আসাদকে জিজ্ঞাসাবেদের জন্য আটক করা হয়েছে।
মৃত জবা আক্তার সুইটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তিনি পৌর এলাকার কাশর করোনেশন সড়কে ইয়াহিয়ার বাসায় সপরিবারে ভাড়া থাকতেন।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
খবর পেয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মো আহমার উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
উল্লেখ্য, মৃত পুলিশ সদস্য জবা আক্তার সুইটি ও হাফিজ আল আসাদ ২০১৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁরা একসঙ্গে ময়মনসিংহ পুলিশ লাইন্সে স্পেশাল ফোর্সে (এসএফ) কর্মরত ছিলেন। তাদের প্রেমের বিয়ে ছিল।


আপনার মতামত লিখুন