ফটিকছড়িতে অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল উপজেলার রোসাংগিরী এলাকার নাজিরহাট-নানুপুর সড়কের ফারুক চেয়ারম্যান ঘাটায় অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানা গেছে।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শ্যুটার গান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তর রোসাংগিরী কাবিলার বাড়ীর আবদুস শুক্কুরের পুত্র টেক্সি জাফর (৪০), খিরাম প্রেমপুর কাশেম বাপের বাড়ীর মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ লোকমান (৩৬), উত্তর রোসাংগিরী ফরিদ মাস্টারের বাড়ীর মোঃ ইউনুসের পুত্র মোঃ মোজাহার (৩৪)।
এদের মধ্যে মোঃ জাফর প্রকাশ টেক্সি জাফর (৪০) ২টি হত্যা ও ১টি অস্ত্র মামলার আসামী। সে সাজাপ্রাপ্ত আসামী। তার বাকি মামলাগুলো বিচারাধীন আছে। মোহাম্মদ লোকমান (৩৬) অপহরণ মামলার আসামি। এ মামলায় সে সম্প্রতি গ্রেফতার হয়েছে।
এব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র্যাব অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। থানায় মামলা রেকর্ড করে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন