করোনায় দুদক পরিচালকের মৃত্যু,স্ত্রী-সন্তান আইসোলেশনে
২৪ ঘণ্টা ডট নিউজ ::: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সম্প্রতি নিজের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এই দুদক কর্মকর্তা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করেন তিনি। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি।
কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে সাত থেকে আটদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
জানা গেছে, দুদকের এই পরিচালকের স্ত্রী ও মেয়ে আইসোলেশনে আছে।
তার বাড়ি ফেনী জেলায়। তার একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের (২২ তম) কর্মকর্তা।
এদিকে, জালাল সাইফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।


আপনার মতামত লিখুন