পাবনায় ২২৯ বস্তা ত্রাণের চালসহ ইউনিয়ন আ’লীগের সভাপতি আটক
পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী (৬০) কে ২২৯ বস্তা ত্রাণের (ভিজিএফ) চালসহ আটক করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বেড়া উপজেলার বাঁধেরহাটে ওই ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গোডাউন থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব -১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবির তরফদার ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোরবান আলী তার ইউনিয়ন পরিষদের দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ২২৯ বস্তা ত্রাণের চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে বাঁধেরহাটে তার ব্যক্তিগত গোডাউনে লুকিয়ে রেখেছেন। এর পর একটি টিম নিয়ে রাত সাড়ে ১০টার দিকে সেই গোডাউনে অভিযান চালাই। সেখানে ওই চাল উদ্ধারসহ চেয়ারম্যান কোরবান আলীকে আটক করি।
ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে আমিনপুর থানায় চেয়ারম্যান কোরবান আলীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান বেড়া উপজেলার আমিনপুর থানার ওসি মঈনুদ্দিন।
এদিকে কোরবান চেয়ারম্যান আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন