রাউজানে অটোরিকশার ধাক্কায় স্কুল ছাত্রী গুরুতর আহত
প্রতিকী ছবি
চট্টগ্রামের রাউজানে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় আয়েশা সিদ্দিকা (১৫) নামের এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে উরকিরচর ইউনিয়নের হারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের হাফেজ মুহাম্মদ ইলিয়াছের কন্যা।
আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আয়েশা চট্টগ্রাম কাপ্তাই সড়কের কমলার দিঘি এলাকায় স্কুলে যাওয়ার জন্য গাড়ীর অপেক্ষায় দাড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা স্কুলছাত্রী আয়েশাকে ধাক্কা দিলে সে ছিঁটকে নিচে পড়ে গিয়ে আহত হয়।
স্কুল ছাত্রীর ভাই মুহাম্মদ ইকরাম সাবিত ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনায় তাঁর বোনের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। মুখের মধ্যে গাড়ীর রড ঢুকে গেছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনায় স্কুলছাত্রী আয়েশা গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তবে দুর্ঘটনার বিষয়ে তাকে কেউ তথ্য দেননি বলে ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শেখ জাবেদ মিয়া।


আপনার মতামত লিখুন