করোনায় প্রাণ হারালেন আরও ৩৮ জন, নতুন শনাক্ত ৩৪৮০
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে এক দিনে নতুন করে ৩৪৮০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫০২ জন।
সোমবার (২২ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এছাড়া নতুন করে ১৬৭৮ জন সহ মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন। মৃত্যুবরণ করা ৩৮ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৫ জন মহিলা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা মোকাবিলায় তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করতে হবে। সম্ভব হলে মৌসুমী ফল খাওয়া ও ফুসফুসের ব্যায়াম করা। এ সময় ধূমপান ত্যাগ করতে হবে। কারণ, এটি ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।
দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন