সীতাকুণ্ডে লরীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রাকিব উল্লাহ খান সোহেল ও বরকত উল্লাহ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার সময় উপজেলার সিরাজ ভূঁইয়া রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রাকিব উল্লাহ খান পাহাড়তলীতে রেলওয়ের ডিজেলশপের (সি-২ গ্রেড) কর্মচারী এবং কর্মচারী কল্যাণ ট্রাস্টের নির্বাচিত পরিচালক ছিলেন।
জানা যায়, ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখে মোটরসাইকেল যোগে দুইজন সীতাকুণ্ড থেকে চট্টগ্রামে ফেরার পথে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি লরির মধ্যে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলে বরকত উল্লাহ নিহত হন।
আহতবস্থায় রাকিব উল্লাহকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
নিহত দু’জন পাহাড়তলী পাঞ্জাবী লেইনের রেলওয়ে কলোনীর বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন