বায়েজীদে কিশোরী ধর্ষণ; গ্রেফতার ২
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড়ের পাহাড়ি এলাকায় ষোড়শী কিশোরী পোষাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) ধর্ষণের পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে আজ ভোরে এক ডজন মামলার আসামী ও ধর্ষক আনোয়ার হোসেন প্রকাশ সোর্স আনোয়ার ও তার সহযোগী মো. হেলালকে গ্রেফতার করেছে।
আজ রবিবার (২৮ জুন) সন্ধ্যায় সিএমপির বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার এ ঘটনা নিশ্চিত করেন।
ওসি জানান, ধর্ষণের শিকার ওই তরুণীর বয়স ১৬ বছর। বায়োজিদ বাংলাবাজার এলাকায় একটি কলোনিতে তার বাসা। সেখানে মাকে নিয়ে বসবাস করে সে। মা-মেয়ে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করেন। তাদের পাশবর্তী তার মামীর মুরগীর দোকান আছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে একজন ক্রেতার বাসায় মুরগি পৌঁছে দিয়ে ওই তরুণী বাসায় ফেরার পথে স্থানীয় ফরেষ্ট পাহাড়ে পথ রোধ করে দাঁড়ায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ আনোয়ার হোসেন ও তার সহযোগী হেলাল। তারা তাকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষন করে ফেলে যায়। পরে মেয়েটির কান্না শুনে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে ৯৯৯ এ ফোন করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে।
ওসি জানান, এ ঘটনার পর থানা পুলিশ রাতেই অভিযান শুরু করে আজ ভোরের দিকে বায়োজিদের ফরেস্ট পাহাড়ি এলাকা থেকে দুই ধর্ষককে গ্রেফতার করে। তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। দুজনই এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা রয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন