যশোরে নারীকে উত্ত্যক্তের অপরাধে আটক ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৩ বিকাল
যশোরে নারীকে উত্ত্যক্তের অপরাধে আটক ১

নিলয় ধর,যশোর প্রতিনিধি : শিক্ষা জীবনের সহপাঠী নারীকে ফেসবুকেসহ নানাভাবে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল খাঁ (৩২) নামে একজন ব্যক্তিকে আটক করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই যশোর।

গত বুধবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের আলেপ খাঁ’র ছেলে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও গ্রামীণ ফোন কোম্পানির ১৬টি সিমকার্ড জব্দ করা হয়।

পিবিআই সূত্রে জানানো হয়, যশোর শহরের বসবকারী ভুক্তভোগী ওই নারী কাশিয়ানীর ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। সেখানে দুলাল খাঁ তার সহপাঠী ছিলেন। তিনি মনে মনে সহপাঠী নারীকে পছন্দ করতেন। তবে ওই নারীর অন্যত্র বিয়ে হয়ে যায়। কিন্তু দুলাল খাঁ ‘রকিবুল ইসলাম রকিব’ পরিচয়ে ফেসবুকে একটি ফেক আইডি খুলে ওই নারীর ও তার সন্তানদের ছবি ব্যবহার করে বিভিন্নজনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন।

এছাড়া নানাভাবে ওই নারীর কাছে এসএমএস পাঠিয়ে তাকে উত্ত্যক্ত করত। এতে কোনো সাড়া না পাওয়ায় তিনি শিক্ষা জীবনের সহপাঠী নারীকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। ভুক্তভোগী নারী তার স্বামীকে জানালে গত ৯ সেপ্টেম্বর এই ঘটনায় যশোর কোতয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিলো।

পরে পিবিআই দুলাল খাঁ’কে আটক করেন। বৃহস্পতিবার তাকে যশোরের আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2