খুঁজুন
, ,

ক্যারাভান দখলবাজ এবং উন্নয়ন কর্মকান্ড সম্প্রসারনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এক কঠিনবার্তা:সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 September, 2020, 6:36 pm
ক্যারাভান দখলবাজ এবং উন্নয়ন কর্মকান্ড সম্প্রসারনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এক কঠিনবার্তা:সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, ক্যারাভান দখলবাজ এবং উন্নয়ন কর্মকান্ড সম্প্রসারনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এক কঠিনবার্তা। অবৈধ দখলদার যতই ক্ষমতাবান কিংবা প্রভাবশালী হোক না কেন কাউকে তিল পরিমান ছাড় দেয়া হবে না। তাদের সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে।

তিনি আজ অপরাহ্নে নগরীর ২নং গেইট থেকে বায়েজিদ হয়ে অক্সিজেন মোড় পর্যন্ত নগরসেবায় ক্যারাভান কার্যক্রম চলাকালে বিভিন্ন স্থানে তিনি নগরবাসীর উদ্দেশ্যে একথা বলেন।

এছাড়া যাত্রাপথে বিভিন্ন অব্যবস্থাপনা দেখে সাথে সাথে সমাধান করার নির্দেশনা প্রদান করেন। ২নং গেইট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত অবৈধ মাদক বেচা-কেনার আস্তানাগুলোতে সাড়াশী অভিযান চালানোর জন্য আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়ে তিনি বলেন, অবৈধ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। এই সব মাদকের আস্তানাগুলো সন্ত্রাস ও অনাচারের উৎপত্তি স্থল।

তিনি অক্সিজেন মোড়ে যানজট ও জলাবদ্ধতাজনিত বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে বলেন, এই সমস্যা অনেক পুরানো। এগুলোর সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এজন্য ট্রাফিক ব্যবস্থাপনা যাতে যুগোপযোগী করা যায় সেই লক্ষ্যে আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আন্তরিকতায় প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে যেগুলো দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করছে, উক্ত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নগরবাসী জলজট থেকে মুক্তি পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

জলাবদ্ধতা নিরসনে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, পানি নিস্কাশন পথগুলো যারা বন্ধ করে রেখেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ফুটপাতের উপর নির্মাণ সামগ্রী থাকলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। ফুটপাত জনগনের হাটা চলার জন্য উন্মুক্ত থাকবে। এখানে কোন ধরণের প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গের আভাষ স্মরণ করিয়ে দিলেন, পরিস্থিতি মোকাবেলায় আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। বাইরে মাস্ক ছাড়া কোনভাবেই চলাফেরা করা যাবে না। মনে রাখতে হবে করোনাকালের ইতি ঘটেনি। যতদিন ভ্যাকসিন আবিস্কৃত হবে না ততদিন আমরা বলতে পারিনা এ ভাইরাস থেকে মুক্তি পেয়েছি। প্রশাসক চলতি পথে জমে থাকা পানি, ময়লা আবর্জনা ও ভাঙ্গাচোড়া রাস্তা তাৎক্ষণিক সংস্কারের ব্যবস্থা করেন।

এসময় তিনি স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করে বলেন, যেহেতু এখন রাস্তা সংস্কারের কাজ চলমান সেহেতু আপনারা ধৈর্য্য ধারন করুন। যেখানে অনিয়ম কিংবা দূর্ণীতি দেখবেন আমাকে অবগত করুন।

তিনি অবৈধ গাড়ী পার্কিং দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং রাস্তায় কোন অলস গাড়ী পার্কিং থাকবে না বলে ছাফ জানিয়ে দেন। তিনি এলাকাবাসীকেও ক্যারাভানে শরীক হওয়ার আহবান জানান এবং সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

ক্যারাভান চলাকালীন চসিক প্রশাসকের আহবানে সাড়া দিয়ে যারা স্বউদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

এছাড়া কর্মসূচীতে উপস্থিত র‌্যাব, পুলিশ, সংবাদকর্মী, চসিক’র প্রকৌশল, বিদ্যুৎ, পরিচ্ছন্নসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় বক্তব্য রাখছেন চসিক প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

প্রশাসকের সাথে প্রকৌশল বিভাগের সমন্বয় সভা

চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রকৌশলীরা হলেন উন্নয়নের চালিকা শক্তি। তিনি প্রকৌশলীদের স্বচ্ছতা ও দক্ষতার সহিত দ্রুত গতিতে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

আজ দুপুরে টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে প্রকৌশলীদের সাথে সমন্বয় বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, পোর্ট কানেক্টিং রোডের কাজ আগামী ৫অক্টোবরের মধ্যে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে হবে।তিনি ষ্ট্রেন্ড রোডের কাজ দ্রুত গতিতে করার নির্দেশ দেন। প্রশাসক বলেন কাজ করতে গিয়ে কোন কর্মকর্তা-কর্মচারি আহত হলে দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেয়া হবে।

এসময় প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমেদ, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক তত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিরুল হুদা,কামরুল ইসলাম, সুদিপ বসাক,নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, ফরহাদুল আলম,বিপ্লব দাশ,অসীম বড়ুয়া, মীর্জা ফজলুল কাদেরসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন টিজিতে নিয়মিত গাড়ি সরবরাহের বিষয়ে কোনো অজুহাত গ্রহনযোগ্য হবেনা। প্রশাসক নালা নর্দমা ও ফুটপাতের ওপর অবৈধ স্থায়ী স্থাপনা এবং বিনা অনুমতিতে সেøব নির্মাণকারীদের তালিকা তৈরি করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন সিটি গেইট হলো চট্টগ্রামের প্রবেশ দ্বার। এই গেইটের সৌন্দর্য রক্ষার্থে দ্রুত রং কাজ ও লাইটিং এর ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সৌন্দর্যবর্ধনের জন্য কালার লাইটিং এর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিস্কার-পরিচ্ছন্ন করার পর আদালত সড়কের স্মৃতি ২৪ চত্বর   চসিক প্রশাসকের নির্দেশনায় প্রাণ ফিরে পেল স্মৃতি ২৪ চত্বর

“অযত্ন-অবহেলায় পড়ে আছে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার লালদিঘি ময়দানের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত ২৪ জন নেতাকর্মীসহ নাম না জানা গণতন্ত্রকামী বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ” শিরোনামে চট্টগ্রাম আদালত সড়কের স্মৃতি ২৪ চত্বর একটি ক্যাপশন ছবি গতকাল দৈনিক পূর্বকোণ পত্রিকার শরীফ চৌধুরী তুলে ধরেন।

বিষটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের দৃষ্টি আকর্ষন হলে। তিনি তাৎক্ষণিক চসিক পরিচ্ছন্ন বিভাগকে এটি পরিস্কার পরিচ্ছন্নর জন্য নির্দেশনা দেন। যা আজকেই পরিস্কার পরিচ্ছন্ন করে দৃষ্টি নন্দন করে তোলা হয়।

এ প্রসঙ্গে প্রশাসক পূর্বকোণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ মাধ্যম জনগণের কথা বলে। নগরীর আনাচে-কানাচে যে কোন অসঙ্গতি যেমন তুলে ধরবেন তেমনিভাবে ভাল কাজের দৃষ্টান্ত তুলে ধরাও সংবাদ মাধ্যমের কাজ। এসব কাজ আমাকে অনুপ্রাণিত করে। তাই আপনারা উপস্থাপন করুন আমি নগর সেবক হিসেবে সেবা করার চেষ্টা করবো।

২৪ ঘণ্টা/মোরশেদ

Feb2
Feb2

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 September, 2026, 9:11 am
নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে পণ্য বিক্রি করে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে ৫৯৯ কোটি ৫৯ লাখ টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস।

এর মধ্যে গত দেড় বছরেই আয় হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা, যা নিলাম রাজস্বে একটি উল্লেখযোগ্য বৃদ্ধির চিত্র তুলে ধরে। একই সঙ্গে এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্য সরানোর পাশাপাশি সরকারের রাজস্বও বাড়ছে।

কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার খালি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আওতায় নিলামযোগ্য পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে এবং নিলামের উপযোগী নয়-এমন পণ্য ধ্বংস করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ২৪টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামে ১ হাজার ৮১৪টি লট বিক্রি করে ১১৫ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আয় হয়।

২০২২ সালে ৪২টি নিলামের মাধ্যমে ১ হাজার ৩৮১টি লট বিক্রি করে আয় হয় ১৩০ কোটি ৩৭ লাখ টাকা। ২০২৩ সালে ২৩টি নিলামে ৬৩২টি লট বিক্রি করে রাজস্ব আসে ৪১ কোটি ১৩ লাখ টাকা।

২০২৪ সালে ৫৫টি নিলামের মাধ্যমে ৫১১টি লট বিক্রি করে ২৭ কোটি ২৯ লাখ টাকা আয় হয়। ২০২৫ সালে ৬০টি নিলামে ১ হাজার ৪০টি লট বিক্রি করে আয় হয় ১২৭ কোটি ৬৭ লাখ টাকা।

চলতি বছরের জুন পর্যন্ত ৪৫টি অনলাইন ও প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮৩টি লট বিক্রি করে ১৫৭ কোটি ৪৮ লাখ টাকা আয় হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম ব্যবস্থাপনা ও শ্রমিক ঠিকাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কে এম করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিলাম ব্যবস্থাপনা, পণ্যের তালিকা প্রস্তুত (ইনভেন্টরি) এবং নিলামকৃত পণ্য বুঝিয়ে দেওয়ার কাজে তার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ২০২৫ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিলামের মাধ্যমে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা আয় হয়েছে, যা এত স্বল্প সময়ে নিলাম থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি রেকর্ড।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার আবু সুফিয়ান বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী খালাস না হওয়া পণ্য অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে নিলামের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিলাম করা পণ্য বিক্রি থেকে রাজস্ব আয়ও বেড়েছে।’

তিনি আরও জানান, নিলামের উপযোগী নয়-এমন পণ্য সরিয়ে বন্দরের ইয়ার্ড খালি করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, লাইভে যা বললেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 September, 2026, 8:34 am
ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, লাইভে যা বললেন

ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিক হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এই ঘটনার বিবরণ দেন।

অভিনেত্রী জানান, ইতালির একটি স্থানীয় পার্কে তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল ব্যক্তি হুট করে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে কোল্ড ড্রিংকস (কোক) ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তা ছাড়া তার হাত থেকে মোবাইল ফোনও কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়া হয়।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। বাঁধন দাবি করেন, আক্রমণকারীরা তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে এবং পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে। পুরো সময় জুড়ে তার সঙ্গে অত্যন্ত গালমন্দ ও অসংগত আচরণ করা হয়।

ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, ‘‘আমার গায়ে হাত তোলা হয়েছে এবং আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন ও সহিংস আচরণ থেকে বের হয়ে আসা উচিত। এভাবে উদ্দেশ্য হাসিল বা নিজেদের অবস্থান ফেরানো সম্ভব নয়।’’

ভিডিওটিতে তিনি সজীব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়ে বলেন, ‘‘সজীব ওয়াজেদ জয় নিজেও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন। আশা করি আপনারা বিষয়টি তার কাছে পৌঁছে দেবেন।’’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করছে এবং বারবার তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আজমেরী হক বাঁধন বর্তমানে ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান, সরেজমিনে পরিদর্শন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 7 September, 2026, 9:10 pm
চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে রাতব্যাপী অভিযান, সরেজমিনে পরিদর্শন

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ ও পাহাড়ের ঢালে নির্মাণকাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবেশকর্মী শফিক আহমেদ এবং পুলিশ ফোর্সের সমন্বয়ে এ পরিদর্শন পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে বায়েজিদ বোস্তামী থানাধীন ‘রুপসী’ নামক পাহাড়, আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার দাগ নং ১৭৭, ১৭৮, ১৮৯ ও ১৮০-এ বিদ্যমান পাহাড় এবং উত্তর পাহাড়তলী মৌজার হারবাতলী মা আমেনা মসজিদ সংলগ্ন পাহাড় সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উত্তর পাহাড়তলী মৌজার দাগ নং ১৭৭, ১৭৮, ১৮৯ ও ১৮০-এ বিদ্যমান পাহাড়ের ঢালে কিছু দেওয়াল সদ্য নির্মিত অবস্থায় পাওয়া যায়। পাহাড়ের ঢালে এ ধরনের দেওয়াল নির্মাণের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট ভূমি মালিককে ৭ সেপ্টেম্বর সকালে নোটিশ প্রদান করা হয়েছে। তবে রাতের সরেজমিন পরিদর্শনকালে সেখানে কোনো ব্যক্তিকে পাহাড় কাটার কাজে নিয়োজিত অবস্থায় পাওয়া যায়নি।

এছাড়া আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার হারবাতলী মা আমেনা মসজিদ সংলগ্ন পাহাড় পরিদর্শনকালে পাহাড় কাটার কোনো আলামত পাওয়া যায়নি। পরিদর্শনকালে সেখানে কোনো ব্যক্তিকেও পাহাড় কাটার কাজে নিয়োজিত অবস্থায় পাওয়া যায়নি।

অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানাধীন ‘রুপসী’ নামক পাহাড় পরিদর্শনকালে কোনো ব্যক্তিকে পাহাড় কাটতে দেখা যায়নি। তবে নির্মাণস্থলের ভূমির শ্রেণি ‘ছনখোলা’ বা ‘নাল’ নাকি পাহাড়—তা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীর পাহাড় ও পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের সরেজমিন পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে। পাহাড় কাটার অভিযোগ বা পরিবেশবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।