লোহাগাড়ায় ৩৩ হাজার ইয়াবাসহ আটক সাত পাচারকারী কারাগারে
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৭ ইয়াবা পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৩ হাজার ১শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৭ ও ৮ মার্চ দিনগত রাতে উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
৮ মার্চ রাতের অভিযানে আটককৃতরা হল- কক্সবাজারের চকরিয়া মাইছখাগড়া এলাকার মৃত মোহাম্মদ শফির পুত্র ফজলুল করিম (৪১), টেকনাফের শাপলাপুর বাহারছড়া এলাকার আবদুস সালামের পুত্র শফিকুল্লাহ (৩২), উখিয়ার কুতুপালং এলাকার আবু নছরের পুত্র ওবাইদুল হক (২০) এবং ৭ মার্চ রাতের অভিযানে আটককৃতরা হল- কক্সবাজারের কুতুপালং এলাকার মৃত ইলিয়াছ মিয়ার পুত্র ছলিম (২০), মৃত নবী হোসেনের পুত্র ইব্রাহীম (২৬), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী জিয়ানগর এলাকার মৃত আলী আহমদের পুত্র জামাল (২৯) এবং বান্দরবান পার্বত্য জেলার আলীকদম দক্ষিণ পুর্ব পাড়ার আব্দুল জব্বারের পুত্র সালাম (৩৪)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছলিম ও ইব্রাহীমের কাছ থেকে ৪০৫০ পিস ইয়াবা এবং একই স্পটে আরেকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জামাল ও সালামের কাছ থেকে ৪১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সোমবার রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম একই স্থানে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ফজলুল করিম ও শফিকুল্লাহকে ২০ হাজার পিস ইয়াবা এবং যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ওবাইদুল হককে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজুর পর মঙ্গলবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি জাকির হোসাইন মাহমুদ আরো জানান, অভিযানে উদ্ধার করা ৩৩ হাজার ১৫০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৯৯ লাখ ৪৫ হাজার টাকা হবে।
২৪ ঘণ্টা/এ. কে. আজাদ


আপনার মতামত লিখুন