রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে । এরমধ্যে ২টি গোডাউন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাউজান থানা রোড়ের পূর্ব পার্শ্বে কাঁশখালী কুল এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভষ্মীভূত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ ও পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সন্তোষ চৌধুরী, মোহাম্মদ আব্দুল নবী, মোহাম্মদ শাহ্জাহান, রনত দে। ৬টি দোকানের মধ্যে ৩টি বেডিং দোকান, ২টি মুদির দোকান ও একটি কুলিং কর্ণার দোকান। ক্ষতিগ্রস্থ সন্তোষ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল নবী দাবী করেন, অগ্নিকান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
২৪ ঘণ্টা/নেজাম
নেজাম


আপনার মতামত লিখুন