সীতাকুণ্ডে শিশুসহ দুই রোহিঙ্গা নারী আটক, ২ হাজার পিস ইয়াবা উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় যাওয়ার সময় এক শিশুসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১১ টার সময় উপজেলার পৌরসভা বাস স্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা দুই নারী ও তাদের সাথে একটি শিশুকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া কুতুবপালং ক্যাম্পের মোঃ রফিকের স্ত্রী সাবেকুর নাহার (৩২), তাদের পুত্র নুরুল আফসার(৮) এবং মোঃ সোনান মিয়ার স্ত্রী রশিদা খাতুন (৪৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করে শরীরে তল্লাসী করলে বিশেষ ভাবে রাখা ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটক সাবেকুর নাহার ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা তার স্বামীকে দেখতে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাতে বাস স্টেশন এলাকায় রোহিঙ্গা দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে এক শিশুসহ তাদেরকে আটক করে তল্লাশি করলে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ঢাকার দিকে যাচ্ছিল।
বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহনের পর তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন