নানা সংকটে জর্জরিত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১:৩০ দুপুর
নানা সংকটে জর্জরিত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

 হাটহাজারী প্রতিনিধি:

অ্যাম্বুলেন্স ড্রাইভার, চিকিৎসা যন্ত্রপাতি সংশ্লিষ্ট টেকনিশিয়ানসহ নানা সংকটে জর্জরিত হয়ে পড়েছে ৫০ শয্যা বিশিষ্ট হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার জনসাধারণ। ইনডোর এবং আউটডোর মিলিয়ে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে প্রতিদিন গড়ে ছয় শতাধিকের বেশী মানুষ সেবা নিতে আসেন এই হাসপাতালে। সঙ্গত কারণে চিকিৎসা সেবায় উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বেশ গুরুত্ব রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের। অথচ দীর্ঘ দিন ধরে নান সমস্যায় ভূগছে হাসপাতালটি।

হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীদের জন্য পুরানো একটি অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভারের অভাবে অ্যাম্বুলেন্সটি প্রায় সময় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। টেকনিশিয়ানের অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এক্স-রে এবং ফিজিও থেরাপী সংশ্লিষ্ট যন্ত্রপাতি। চিকিৎসা সেবা প্রদানে হাসপাতালটিতে ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও দীর্ঘ দিন ধরে পদ খালি রয়েছে এএমসি, জুনিয়র কনসালটেন্ট সার্জারী, জুনিয়র কনসালটেন্ট অর্থ-সার্জারী এবং জুনিয়র কনসালটেন্ট চক্ষু। এছাড়া জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন এবং ইএমও করোনাকালীন সময়ে অন্যত্র অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি খালি রয়েছে সিনিয়র স্টাফ নার্সের তিনটি পদ। হাসপাতাল সড়কের ড্রেনেজ ব্যবস্থা উচু হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স ড্রেনেজ ব্যবস্থারও বেহাল দশার সৃষ্টি হয়েছে। বুধবার (৭ জুলাই) চিকিৎসা সেবা নিতে আসা মফিজ জানান, হাসপাতালে এক্স-রে মেশিন থাকার পরও এক্স-রে করাতে না পারায় তাদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে ছুটতে হচ্ছে। ড্রাইভারের অভাবে অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ায় চিকিৎসা সেবা নিতে আসা পৌর সদরের বাসিন্দা রাবিয়া হাসপাতালের জনবল সংকট সমাধানের দাবি জানান।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতিয়াজ হোসাইন জানান, লোকবল সংকটের পাশাপাশি হাসপাতালে ডাক্তারদের জন্য কক্ষেরও সংকট রয়েছে। বর্তমানে ষষ্ঠ গ্রেডের চিকিৎসকরা গাদাগাদি করে ১টি রুমে ৩ জন করে বসছেন। হাসপাতালের যাবতীয় সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

২৪ঘণ্টা/পারভেজ

Feb2
Feb2