হাটহাজারীতে ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ জুলাই, ২০২১, ৫:৩১ সন্ধ্যা
হাটহাজারীতে ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী বড়দিঘী পাড় এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুটি মেয়েকে ইভটিজিং করার দায়ে রাকিব (২১) নামে এক বখাটেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রাকিব চিকনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইলিয়াছ মেম্বারের বাড়ির মোঃ এমরানের পুত্র।

সূত্র জানায়, উপজেলার বড়দিঘী পাড় এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুটি মেয়ে টিউশনি করাতে গেলে গত কয়েকমাস ধরে অভিযুক্ত রাকিব সহ কয়েকটি ছেলে মেয়েগুলোকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও অশালীন কথা বলে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার ঐ দুটি মেয়ের মধ্যে হাছিনা আক্তার নামের একটি মেয়ে প্রতিবাদ করাতে তার সাথে অভিযুক্তরা ঝগড়া শুরু করে দেয়। এক পর্যায়ে মেয়েটি থানায় ফোন করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাকিব নামের এক বখাটেকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার বিস্তারিত জেনে উপস্থিত ব্যক্তিগণের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং কঠোরভাবে সতর্ক করে।

এ ব্যাপারে হাটহাজারী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, ইভটিজিং এর অপরাধে রাকিব নামে এক যুবককে কঠোরভাবে সতর্ক সহ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

২৪ঘণ্টা /পারভেজ

Feb2
Feb2