রাউজানে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় জমজমাট কোরবানীর পশুর হাট
নেজাম উদ্দিন রানা,রাউজান(চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজানে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌসুমি কোরবানীর পশুর হাটে বিকিকিনি শুরু হয়েছে। তবে অন্যান্য বারের চাইতে কোরবানির পশুর দাম একটু চড়া থাকায় পশুর হাটগুলোতে প্রচুর পরিমাণ গরু ছাগল উঠলেও বিক্রি হচ্ছে কম। রাউজানের বেশ কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।
গত বুধবার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল বাজার, হলদিয়ার আমিরহাট ও ৭ নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতারা কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে বাজারে আসতে শুরু করে। দুপুর থেকে বিকেল নাগাদ বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে উঠে। ১৪ জুলাই বুধবার বিকেলে চারাবটতল বাজারে কথা হয় গরু বিক্রেতা মোঃ সেলিমের সাথে। তিনি জানান, তার গরুর দাম হাঁকিয়েছেন এক লাখ দশ হাজার টাকা। কিন্তু ক্রেতারা আশি/ পঁচাশি হাজারের বেশী উঠছেনা।বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের সাথে আলাপকালে জানা গেছে, এ বছর করোনা পরিস্থিতির কারণে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা মূল্যের কোরবানির পশু বিক্রি হচ্ছে বেশী। কারণ করোনা পরিস্থিতিতে মানুষ অনেকটা বিপর্যস্ত অবস্থায় দিনাতিপাত করছে।
চারাবটতল বাজার পরিদর্শনকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী জানান, পশ্চিম রাউজান চারাবটতল বাজারে প্রতি বৎসর ঈদুল আযহার সময়ে বিপুল পরিমান গরু ও ছাগলের বাজার বসে। চলতি বছর করোনা পরিস্থিতির কারণে পৌর মেয়রের নির্দেশনায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে কোরবানীর পশুর হাট বসানো হয়েছে। তবে করোনা পরিস্তিতিতেও কোরবানির পশু বিক্রি আশানুরুপ হচ্ছে। বুধবার রাউজানের আমির হাট বাজার, ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজারে কোরবানীর পশুর হাটে পশুর বাজারে গরু ও ছাগল উঠেছে । কোরবানীর পশুর হাটে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাউজান থানা পুলিশের টিম টহলরত ছিল।
২৪ঘণ্টা /রানা


আপনার মতামত লিখুন