রাউজানে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যু, পরিবারে শোকের মাতম
নেজাম উদ্দিন রানা,রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। ২২ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব রাউজান রাণী পাড়ায় মর্মস্পর্শী এই ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু কন্যা শাকিবা আকতার (৬) ও আনিছা আকতার (৬) এলাকার গুড়া মিয়া চৌধুরী বাড়ীর মোহাম্মদ জানে আলম মনু ও তার ছোট ভাই মাহাবু আলমের শিশু কন্যা।
স্থানীয়রা জানান, সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন শাকিবা ও আনিছা দুপুরে বাড়ির সামনে ফুফুর বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়।
এক সময় গোসলরত অবস্থায় দুই বোন পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে যে পুকুরে দুই বোন গোসল করছিল সেই পুকুরে জাল ফেললে জালে দুজনের নিথর দেহ উঠে আসে। এ সময় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু বোনকে মৃত ঘোষণা করেন। এ সময় তাদের পরিবারের সদস্যদের বুকফাঁটা আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়।বৃহস্পতিবার বিকেলে রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব রাউজান রাণী পাড়ার গুড়া মিয়া চৌধুরী বাড়ীতে গিয়ে দেখা যায়, পুরো এলাকাজুড়ে যেন সুনশান নীরবতা। লাশ দুটি দেখতে এলাকার শত শত মানুষ ভীড় করে। ঘরের একটি কক্ষে পাশাপাশি শুয়ে থাকা দুই বোনের লাশের পাশে পরিবারের সদস্যদের গগণবিদারী কান্নার রোলে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
স্থানীয় এক প্রতিবেশী জানান, মৃত্যুর কিছুক্ষণ পূর্বেই দুজন স্থানীয় একটি দোকান থেকে চকলেট কিনতে দেখেছি। ভাগ্যের কি নির্মম পরিহাস পরক্ষণেই দুই বোনের মৃত্যু সংবাদ শুনে বিশ্বাসই করতে পারিনি। হাসতে হাসতে এভাবে একই পরিবারের দুটি শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। সন্ধ্যার পূর্বে নামাজে জানাজা শেষে দুই বোনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
২৪ঘন্টা /রানা



আপনার মতামত লিখুন