ইলিশের দিনে ইলিশের আকাল, সীতাকুণ্ডে জেলেদের বোবা কান্না

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৭:৫৩ রাত
ইলিশের দিনে ইলিশের আকাল, সীতাকুণ্ডে জেলেদের বোবা কান্না

চলছে ইলিশের মৌসুম, জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ। জেলেদের মুখে হাসির ঝিলিক। এ বাক্যটি সত্য হলেও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইলিশ ধরায় দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ভরা মৌসুমেও আশানুরূপ দেখা মিলছে না রুপালি ইলিশের। মাছ না পাওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছে জেলে পরিবার। হাহাকার চলছে জেলেপাড়ায়। শ্রাবণের শেষ দিকে নদীতে প্রচুর ইলিশ ধরার কথা থাকলেও জেলেদের ফিরতে হচ্ছে অনেকটাই শূন্য হাতে।

হয়ত দুই-একজনের জালে কিছু ইলিশ ধরা পড়লেও বাকিদের ভাগ্যে জুটছেনা কিছুই। কারো কারো বোটের তেলের দাম উঠানো দায় হয়ে যাচ্ছে। একবার নৌকা নিয়ে সমুদ্রে গেলে কমপক্ষে ৫ হাজার টাকা খরচ হয়। একটি নৌকার মধ্যে কমপক্ষে চার জন শ্রমিক লাগে। অনেক সময় খালি হাতে আসতে হয় সমুদ্র থেকে। বিভিন্ন এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে অনেকটা দিশেহারা জেলেরা। এভাবেই দুঃখের কথা বললেন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জা নগর জেলে পল্লীর জেলে দুলাল দাস। একই ভাবে ইলিশ না পাওয়ার হতাশার কথা বলেন তপন দাস, রাখাল দাস, লিটন দাস নামের কয়েকজন জেলে। এখন ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেদের জালে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও আশানুরূপ ইলিশের দেখা মিলছে না। কোনদিন মাছ পাওয়া যাচ্ছে, আবার কোনদিন যাচ্ছে না। হতাশায় দিন কাটাচ্ছেন জেলেরা। এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শামীম আহমদ বলেন, ইলিশ ধরা পড়ছে তবে পরিমাণে কিছুটা কম, এটা প্রকৃতিকগত কারণ হতে পারে।

যেহেতু মৌসুমের অর্ধেক সময় কেটে গেছে তাই আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইলিশের পরিমাণ আরও বাড়বে। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে প্রচুর ইলিশ ধরা পড়বে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর জেলেরা নদীতে মাছ শিকার করতে গিয়ে ফিরছেন খালি হাতে। ইলিশের এমন দুর্দিনে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। নদীতে মাছ না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জেলে পরিবারগুলো।

Feb2
Feb2