খনি দুর্নীতি: অভিযোগ গঠনের শুনানি ৩১ অক্টোবর
আবারও পিছিয়েছে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি।
মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনুপস্থিত থাকায় তার আইনজীবীর তারিখ নির্ধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন আদালত।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি এবং আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ আরও ১৩ জনের বিরুদ্ধে। এর মধ্যে ৬ জন মারা যাওয়ায় আসামি নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে আসামির সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী কেরানীগঞ্জে অস্থায়ী বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল রোববার (১৯ সেপ্টেম্বর)। দুর্নীতির অন্য দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া এ শুনানিতে উপস্থিত হতে না পারায় আসামিপক্ষের আইনজীবীর আবেদনে পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।
এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানিও পিছিয়েছেন আদালত। আগামী ২১ নভেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
২০১৫ সালে দায়ের করা নাশকতার এ মামলায় আসামি করা হয় মির্জা ফখরুল ইসলামসহ ৪২জন আসামিকে। পরবর্তীতে এ মামলার আসামি তানভির আদিল বাবু ও শফিউল বারী বাবুসহ তিনজন মারা যান। অভিযোগ গঠন হলে এ মামলায় মির্জা ফখরুলসহ ৩৯ নেতাকর্মীর আনুষ্ঠানিক বিচার শুরু হবে।


আপনার মতামত লিখুন