রাউজানে ব্যাবসায়ী রাজু চৌধুরীর ছাদ বাগান ফুলে-ফলে টইটুম্বুর
চট্টগ্রামের রাউজান উপজেলার ব্যস্ততম রাউজান- নোয়াপাড়া সড়কের কাগতিয়া বাজারে ব্যাবসায়ী রাজু চৌধুরীর শখের ছাদবাগান এখন ফুলে-ফলে টইটুম্বুর।গাছে আর লতাপাতায় ঝুলছে বিভিন্ন জাতের ফল। রাউজান-নোয়াপাড়া সড়কে কাগতিয়া বাজারের সেতু সংলগ্ন দি কিং অব কাগতিয়া কমিউনিটি সেন্টারের সুপ্রশস্থ ছাদবাগান জুড়ে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ছাদবাগান।মার্কেটের সিঁড়ি দিয়ে দ্বিতল মার্কেটের ছাদে উঠলেই বাগানের গাছ-গাছালির সবুজ দৃশ্য আপনার মনে প্রশান্তি এনে দেবে। এই বাগানটিই যেন একফালি সবুজের সমারোহে বেষ্টিত। পড়ন্ত বিকেলে মার্কেটের আশপাশ দিয়ে হেঁটে গেলে কানে ভেসে আসে পাখির কিচির-মিচির শব্দ। বাগানের গাছ আর ফলের সাথেই যেন পাখ-পাখালির গভীর মিতালি জড়িয়ে আছে। গ্রামের নিভৃত এক পল্লীতে স্বপ্নের এই ছাদবাগানটিই যেন পাখিদের নিরাপদ আবাস। রাজু চৌধুরী বলেন, ছাদবাগানের ফুল আর ফলকে ঘিরে পাখির আনাগোনা বেড়েছে বাগানটিতে। ছাদবাগানে দাঁড়িয়ে পাখির কিচির-মিচির ডাক শুনে মনটা ভরে যায়।
উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুজিত চৌধুরী বাড়ির দুলাল চৌধুরীর পুত্র, ব্যাবসায়ী রাজীব চৌধুরী রাজু জানান, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এক ঘন্টায় সাড়া রাউজানে চার লক্ষ সাতাশি হাজার গাছের চারা রোপন করে যেই ইতিহাস সৃষ্টি করেন তাতে অনুপ্রাণিত হয়ে নিজে মার্কেটের ছাদে বাগানটি গড়ে তোলেন।কাগতিয়া স্বপ্ন বিলাস নার্সারি নামের বিশাল ছাদবাগানে লেবু, মাল্টা, জলপাই, ডালিম, কুল, এলাচি, শসা, আপেল, মরিচ, বেগুন, টমেটো, আংকুর, পেয়ারাসহ নানা জাতের ফল গাছের পাশাপাশি গোলাফ, বেলি, স্বর্ণতারা, নয়নতারা, পাতা গোলাফসহ বিভিন্ন জাতের ফুল আর ঔষধী গাছও শোভা পাচ্ছে। ছাদবাগানে গাছ-গাছালির পাশাপাশি রয়েছে কবুতর আর দেশী মুরগীর খামার। যেখানে রয়েছে ১০০ টি কবুতর, ১০টি দেশী মুরগি। রয়েছে ৫০টি খরগোস, দুটি রাজহাঁস। বাগানে রাঁজহাস আর খরগোসের বাচ্চাদের ছুটোছুটির দৃশ্যটা উপভোগ করার মতো।
রাজু চৌধুরীর সাথে কথা বলে জানা গেছে, ছাদ বাগান গড়ে তোলার জন্য তিনি দেশের বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন জাতের চারাগাছ সংগ্রহ করে সেগুলো নিজের ছাদবাগানে লাগিয়েছেন। মার্কেটের পাশাপাশি নিজ বাড়িতেও বাগান গড়েছেন তিনি।পিংক, ক্লিন ও গ্রিণ সিটির রূপকার, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর একজন কর্মী হিসেবে নান্দনিক রাউজানের বুকে বৃক্ষরোপন আর বাগান সম্প্রসারণে আগামীতে আরো বেশী ভুমিকা রাখার প্রত্যয় ব্যাবসায়ী রাজুর। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, রাউজানে ছাদ কৃষির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলা কৃষি অফিস ছাদ কৃষির বিষয়ে সার্বিক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে ছাদ কৃষি সম্প্রসারণে কাজ করে চলেছে। যার ফলে বর্তমানে উপজেলায় প্রায় অর্ধ শতাধিক ছাদ বাগান গড়ে উঠেছে।


আপনার মতামত লিখুন