চবি ছাত্রলীগের ১২ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের ১২ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।রোববার (১৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া।তিনি বলেন, বহিষ্কৃতদের মধ্যে যাদের ছাত্রত্ব আছে, তারা এ সময়ে আবাসিক হলে থাকতে পারবে না। এছাড়া যাদের ছাত্রত্ব শেষ, তারা হল এবং ক্যাম্পাসে থাকতে পারবে না।
শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের মোট ১২ জনকে ৬ মাস ও ১ বছর মেয়াদে বহিষ্কার করা হয়।মারধরের বানোয়াট অভিযোগ,শিক্ষার্থীকে মারধর এবং সংঘর্ষ ও কুপিয়ে আহত করার ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে।এক বছর বহিষ্কৃতরা হলেন, আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মির্জা কবির সাদাফ, রসায়ন বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল আলম নায়েম।ছয় মাস বহিষ্কৃতরা হলেন: অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফরহাদ, লোকপ্রশাসন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয়।পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাভেদ, আইন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের খালেদ মাসুদ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ১৯-২০ শিক্ষাবর্ষের মো. নাঈম, আরবি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের তৌহিদ ইসলাম ও বাংলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম।



আপনার মতামত লিখুন