খুঁজুন
, ,

রাউজানে রাতের আঁধারে প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 2 December, 2021, 10:53 pm
রাউজানে রাতের আঁধারে প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ইকবাল নামের এক প্রতিবন্ধী যুবকের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। ১ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময় ইকবালের গোয়ালঘর থেকে বাছুরসহ একটি গাভী ও ষাড় চুরি করে নিয়ে যায়। তিনটি গরুর বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। গরু চুরি হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন ইকবাল।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান জারুলতলা এলাকার ভুইয়ালা বাড়ীর মৃত শফির পুত্র ইকবাল শারীরিক প্রতিবন্ধী। নিজ বসতভিটেয় গরু লালন-পালন করে অসহায় মাকে নিয়ে দুঃখ-কষ্টে জীবন যাপন করে আসছিল সে। গরু বিক্রী করে সংসারের হাল ধরতে চেয়েছিল সে। কিন্তু চোরের দল তার স্বপ্ন পূরণ হতে দেয়নি।

সন্তানের গরু চুরির বিষয়ে বৃদ্ধা ভেদুরা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার প্রতিবন্ধী সন্তান কারো মুখাপেক্ষী না হয়ে নিজে অনেক কষ্ঠ করে গরু গুলো লালন-পালন করে বড় করেছে। তার স্বপ্ন ছিল একটি গরু বিক্রী করে সংসারের ভরণ-পোষন মেটাবে। গরু তিনটি চুরি হওয়ায় আমরা কেমন করে পরিবারের খরচ যোগাবো। গরুগুলো ফিরে পেতে আমরা প্রশাসনের সহায়তা চাই।
এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন বলেন, প্রতিবন্ধী ইকবালের তিনটি গরু চুরির পর আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও হদিস পাইনি।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গরু চুরির ঘটনার অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।

এন-কে

Feb2
Feb2

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড, নিষ্প্রভ হালান্ডের বিদায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 July, 2026, 9:17 am
বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড, নিষ্প্রভ হালান্ডের বিদায়

ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে। ম্যাচটিতে এক গোল করা আর্লিং হালান্ড আজ (রোববার) কোয়ার্টারে একেবারে নিষ্প্রভ ছিলেন। উল্টো তার অপ্রয়োজনীয় এক ফাউলের কারণে গোল বাতিল হয় নরওয়ের। বিপরীতে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ গোলে জিতে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ইংলিশরা নরওয়েকে চেপে ধরলেও, প্রথমে গোলের খাতা খোলে হালান্ডের দল। তবে তাদের লিড টিকেছে কেবল ১১ মিনিট। বিরতির আগমুহূর্তে ইংলিশরা সমতায় ফেরার পর নির্ধারিত ৯০ মিনিট শেষেও স্কোরলাইন ১-১ অক্ষুণ্ন ছিল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলিংহ্যাম ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য বল দখলে বেশ পিছিয়েই ছিল নরওয়ে। তবে বিরতির পর তার ধীরে ধীরে পজেশন নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে। শেষ পর্যন্ত ৫২ শতাংশ পজেশন রেখে ১৩টি শট নেয় প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টারে ওঠা স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। বিপরীতে ১৪ শটের ৮টিই লক্ষ্যে ছিল ইংলিশদের।

রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা বেলিংহ্যাম এখন পর্যন্ত টুর্নামেন্টে ছয় গোল নিয়ে জাতীয় দল সতীর্থ হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে তিনে অবস্থান করছেন। আসরের সেরা গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (৮) এবং আর্জেন্টিনার লিওনেল মেসি (৮)। আর সাত গোল করেছেন আর্লিং হালান্ড। এর আগে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোকে হারানোর ম্যাচেও বেলিংহ্যাম জোড়া গোল করেছিলেন।

ম্যাচে নরওয়ের হয়ে ৩৬তম মিনিটে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার আর্লিং হালান্ডের দাপুটে পারফরম্যান্সের কারণে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাপক আলোচনায় ছিল। ম্যানচেস্টার সিটির এই তারকা চলতি সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও বিশ্বকাপে প্রথমবারের মতো আজ কোনো ম্যাচে গোল করতে পারেননি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে।

এর আগে ৫৬তম মিনিটে নরওয়ে প্রায় ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কর্নার থেকে আসা বলে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের প্রতিহত করা বল ফিরতি শটে জালে জড়ান টরবিয়র্ন হেগেম। তবে ভিডিও রিভিউ শেষে বক্সের ভেতরে হালান্ডের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। তিনি অপ্রয়োজনেই ধাক্কা মেরে ফেলে দেন ইলিয়ট অ্যান্ডারসনকে। প্রথমার্ধেও পয়েন্ট-ব্ল্যাঙ্ক হেডে হালান্ডকে অনায়াসী সেভে গোলবঞ্চিত করেন পিকফোর্ড।

টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া শেলদেরুপের শট ডান দিকের পোস্টে লেগে জালে জড়ায়। ততক্ষণ পর্যন্ত বলের দখলে আধিপত্য বিস্তার করছিল ইংল্যান্ড। বিরতির আগমুহূর্তে ইনজুরি সময়ে কয়েকজনকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে সমতাসূচক গোল করেছেন বেলিংহ্যাম। বেলিংহামের সমতাসূচক গোলের ঠিক আগে নরওয়ের একটি গোল কিক থেকে আসা বলটি মাঠে পড়ার আগে আকাশে ঝুলন্ত ক্যামেরার তারে স্পর্শ করেছে বলে মনে হয়। নিয়ম অনুযায়ী, বলটি তারে লেগেছে বলে শনাক্ত হলে খেলা থামিয়ে ড্রপ বলের মাধ্যমে পুনরায় খেলা শুরু করে বলের দখল নির্ধারণ করা হতো।

৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বেলিংহ্যাম দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড সহজেই ধরে ফেলবেন বলেই মনে হচ্ছিল । কিন্তু বলটি বেরিয়ে যায় তার হাত ফসকে। সেখানেই প্রতিপক্ষের সুযোগের অপেক্ষায় থাকা বেলিংহ্যাম ক্ষিপ্রতার সঙ্গে গিয়ে ফিরতি বলে পা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন। শেষদিকে নরওয়ে মরিয়া হয়ে উঠলেও আর ম্যাচে ফিরতে পারেনি।

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 7:54 pm
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

শনিবার (১০ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বন্যায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সকল সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ত্রাণ বাবদ ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে বিজিবি, সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ সরকারি বিভিন্ন বাহিনীকে। প্রস্তুত করা হয়েছে ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রে ওষুধ, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার নানা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ড. মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে, শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 7:13 pm
দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী এবং বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) দুপুরে৷ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী লাগবে, কী প্রয়োজন—সবকিছু তিনি জানেন। গতকালও তিনি আমাকে বলেছেন, আপনি সেখানে যান, কী কী লাগবে দেখে আসেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আজ আপনাদের মাঝে এসেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টাই চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।

এম ইকবাল হোসেইন বলেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।