রাউজানে ইউপি চেয়ারম্যান বাবুল মিয়ার উপর হামলা,প্রতিবাদে বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের সড়ক অবরোধ,প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রামের রাউজানে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়াস্থ চেয়ারম্যান বাবুল মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া সাংবাদিকদের জানান, সোমবার রাত ১১টার দিকে নোয়াপাড়া পথেরহাট থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনেই একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন দুবৃর্ত্তরা।
এ সময় গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যান। পরে চেয়ারম্যানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকেই সিএনজি অটোরিক্সা আটক করেন।চেয়ারম্যান বাবুল মিয়ার উপর হামলার ঘটনাটি জানাজানি হলে রাতেই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্নস্থানে অবরোধ করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। পরে প্রশাসনের অাশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।খবর পেয়ে চট্টগ্রাম শহর থেকে নোয়াপাড়ায় ছুটে আসেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এ সময় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যানগণ ও দলীয় নেতা-কর্মীরা নোয়াপাড়া পথেরহাটে অবস্থান নেন। হামলার সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান বাবুল মিয়ার উপর হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।এদিকে হামলার প্রতিবাদে রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের উদ্যোগে নোয়াপাড়া পথেরহাটের দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন।


আপনার মতামত লিখুন