পেকুয়ায় ঈদ উপহার হিসেবে ৪০টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর উপহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ১:১৩ দুপুর
পেকুয়ায় ঈদ উপহার হিসেবে ৪০টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর উপহার

সারাদেশের ন্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলাতেও
ঈদের আগে ৪০টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার। আগামী ২৬ এপ্রিল এই ঘরগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।এ উপলক্ষে সোমবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলা হলরুমে এক প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্বিতা চাকমা। এ সময় তিনি বলেন “ঈদের আগে সেমিপাকা এই ঘরগুলো ভূমিহীন-গৃহহীনদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। তাই আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এই ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।”

তিনি আরও বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপের কাঠামোতে এসেছে বেশকিছু পরিবর্তন। বাড়ানো হয়েছে ঘর তৈরির ব্যয়ও। যে কারণে ঘরগুলো আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে সারাদেশে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে।দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে সংযুক্ত রয়েছে রান্নাঘর ও নিরাপদ টয়লেট । আঙিনায় রয়েছে হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা। প্রেস ব্রিফিংকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসিফ আল জিন্নাত, উপজেলা প্রকৌশলী মো: লুৎফুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিং শেষে ঘর উপহার হস্তান্তর অনুষ্ঠানকে সফল করতে সকলের উপস্থিতি কামনা করেন পেকুয়া ইউএনও।

Feb2
Feb2