প্রধানমন্ত্রীর ঘর উপহার উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ইউএনও’র সংবাদ সম্মেলন
মুজিববর্ষে ৩য় পর্যায়ে নির্মিত ঘর প্রধানমন্ত্রী কর্তৃক ২৬ এপ্রিল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিতরণ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ১৫৬ টি আধা-পাকা ঘর দুইশতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হবে বলে জানালেন ইউএনও শাহাদাত হোসেন।
তবে প্রাথমিকভাবে সম্পন্ন তৈরীকৃত ৬টি ঘর মঙ্গলবার তুলে দিবেন। তিনি বলেন, জীবনে তারা কোন দিন কল্পনাও করতে পারেনি একদিন পাকা ঘরে ঘুমাতে পারবেন এবং নিজেরাই জমির মালিক হবেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী রাত দিন অক্লান্ত পরিশ্রমেরই ফসল এগুলো। সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন