আনোয়ারার উপকূলীয় জেলেরা মাছ শিকারে ব্যস্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৭:১৬ রাত
আনোয়ারার উপকূলীয় জেলেরা মাছ শিকারে ব্যস্ত

মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ২৩ জুলাই (শনিবার) মধ্যরাত থেকেই সাগরে মাছ শিকারে ছুটছে আনোয়ারা উপজেলার উপকূলীয় জেলেরা। মাছ ধরাকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় এখন জেলেদের পদচারণায় মুখর।

সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে সরকারের দেওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে (২৩ জুলাই) শনিবার মধ্যরাতে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট, সাত্তার মাঝির ঘাট, সিফাতলি ঘাট, গলা কাটার ঘাট, বারশত ইউনিয়নের পার্কি ঘাট এবং জুঁইদন্ডী ইউনিয়নের বিভিন্ন ঘাট থেকে প্রায় ৬০ হাজার জেলে সাগরে মাছ শিকার করতে প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলেদের মনে স্বপ্নপূরণের প্রত্যাশা আবহাওয়া ভালো থাকলে এবার বেশি মাছ আহরণ করে ফিরতে পারবেন তারা।

গহিরা উঠান মাঝির ঘাট এলাকার জেলে মোহাম্মদ জাফর বলেন, দীর্ঘ দুমাস পর নিষেধাজ্ঞা শেষে জেলেদের কিছুটা উৎসাহ-উদ্দীপনা থাকলেও পাশাপাশি ঋণ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। অনেকের ঋণ রয়েছে। কিন্তু দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় পরিশোধ সম্ভব হয়নি। এখন মাছ ধরে নিজেও চলতে হবে, ঋণও পরিশোধ করতে হবে। এবার অনেক আশায় নিয়ে আমরা সাগরে নামবো। কারণ গত বছর আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। আশা করছি এ বছর প্রচুর ইলিশ পাওয়া যাবে।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক দৈনিক সময়ের কাগজকে বলেন, উপজেলার প্রায় ৬০ হাজার জেলে মাছ শিকার করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইলিশের প্রজননকালীন দীর্ঘ ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে মাছের উৎপাদন বাড়ছে। এ প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে বঙ্গোপসাগর একটি সমৃদ্ধ মৎস্য ভাÐারে পরিণত হবে।

Feb2
Feb2