লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৭:০২ রাত
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মাইজ পাড়াস্থ নতুন পুকুরে ডুবে দুইজন শিশুর মৃত্যু হয়েছে।তারা দু`জন বড়হাতিয়া মাইজপাড়া নূরানী একাডেমীর ৩য় শ্রেনীর ছাত্রী।

জানা যায়, গতকাল ১৫ আগস্ট (সোমবার) দুপুর ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়নের ১নং ওয়ার্ড মাইজ পাড়াস্থ নতুন পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু তাসফিয়া তাবাসসুম রাঈসা (৮) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর মাইজ পাড়ার আবু তাহেরের কন্যা এবং ফাতেমা জান্নাত সুমাইয়া (৯) একই বাড়ির মনির উদ্দিনের কন্যা।

নিহতদের চাচা এস্তফা আলী জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলা করছিল নিহত শিশু রাঈসা ও সুমাইয়া।

পরিবারের লোকজন অন্যান্য শিশুর মাঝে রাঈসা ও সুমাইয়াকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে।

এক সময় স্থানীয় মুসল্লিরা জোহরের নামাজের জন্য নতুন পুকুরে ওজু করতে গেলে রাঈসা ও সুমাইয়াকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।

স্থানীয় ও পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন।

পরিবারের লোকজনের অজান্তেই পুকুরের পানিতে পড়ে দুজনের মৃত্যু হয় বলে জানান তিনি। অবুঝ দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ‌।

জে-আর

Feb2
Feb2