আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে অচল জেনারেটর
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও তাদের স্বজনরা তীব্র গরমে জেনারেটর ব্যবস্থা না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন। হাসপাতালের নিজস্ব বিদ্যুৎ (জেনারেটর অকেজো) সচল না থাকায় গরমে চরম দূর্ভোগ পোহাচ্ছে রোগীরা। কিন্তু আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগ থেকেও ছিল না নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।
দেশে বিদ্যুৎ ঘাটতির ফলে শিডিউল লোডশেডিংয়ে রোগীদের পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে। বিকল্প ব্যবস্থা হিসেবে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর থাকলেও তা পড়ে আছে অচল। কেনার পর থেকে চালুই করা যায়নি। রোগিদের ভরসা হাত পাখা বা বেটারী চালিত ফ্যান।
৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে আছে ১০ কেবি জেনারেটরটি। কয়েক বছর আগে আনা জেনারেটটি কখনও হয়নি চালু।
দীর্ঘদিন ধরে চালু করার চেষ্টা করেও সফল হয়নি কর্তৃপক্ষ।
সেবা নিতে আসা রোগিরা ক্ষোভ প্রকাশ করে জানান, গরীবদের ভরসা সরকারি হাসপাতাল।
কিন্তু এ হাসপাতালে হাত পাখা নিয়ে রোগিদের আসতে হয়। বিদ্যুৎ না থাকলে চেম্বারে বসেন না কোনো ডাক্তারও। উপায় না দেখে অপেক্ষা করতে হয় ডাক্তার আর বিদ্যুতের।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, জেনারেটরটি ২০১৮-১৯ সালের দিকে হাসপাতালে এনেছে। আসলে এটি চাইনিজ জেনারেটর।
জেনারেটরটি চালু করার জন্য তখনই হাসপাতালে ওয়ারিং করা ছিলো না, যার কারণে সেই সময়ে সেটা চালু করতে পারিনি হাসপাতাল কর্তৃপক্ষ।
আমি যোগদানের পর দেখি এখানে জেনারেটরটি পড়ে আছে। সেটা চালু করার জন্য কিছুদিন আগে একটি ব্যাটারীও কিনে আনা হয়েছে। মেকানিকরাও চেষ্টা করছে সেটা চালু করার জন্য।
তিনি আরও বলেন, জেনারেটরটি চালানোর জন্য সফটওয়্যার প্রয়োজন বলে জানিয়েছে মেকানিকরা। এটির বিষয়ে আমি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। যদি হাসপাতালের জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ থাকতো রোগিদের ভোগান্তিতে পড়তে হতো না আর।
জে-আর


আপনার মতামত লিখুন