রাউজানের অফ-সিজন তরমুজ চাষ করে দুই কৃষকের সাফল্য
চট্টগ্রামের রাউজানে অফ-সিজনের তরমুজ ক্ষেত পরিদর্শন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন
চট্টগ্রামের রাউজানে অফ-সিজনে তরমুজের বাম্পার ফলন হয়েছে। প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে তরমুজের চাষাবাদে হাসি ফুটেছে দুই কৃষকের । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলায় এই প্রথম এসএসিপি প্রকল্পের অর্থায়নে ডাবুয়া ইউনিয়নের কৃষক নারায়ণ চন্দ্র হিংগলা গ্রামের কৃষক শামসুল আলম
১০ শতাংশ জমিতে উচ্চমূল্যের অফ সিজন তরমুজ চাষ করে সফল হয়েছেন।
সরেজমিনে তরমুজ ক্ষেত পরিদর্শন করে দেখা গেছে, দুই কৃষকের ক্ষেতে মাচায় ঝুলছে ছোট-বড় অনেক তরমুজ। স্বাদে অনন্য তরমুজ ভালো দামে বিক্রি হওয়ায় সামান্য পুঁজি ও শ্রমে অধিক লাভবান হচ্ছেন দুই কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, রাউজানে প্রথমবারের মতো প্রদর্শনী হিসেবে অফ সিজনের তরমুজ চাষ করার জন্য আমরা দুইজন কৃষককে কৃষি অফিসের পক্ষ থেকে বিনামূল্যে সার, বীজসহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। কৃষক শামসুল আলম ও নারায়ণ চন্দ্র প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে অফ সিজনের চাষাবাদ করে কৃষি অফিসের পরামর্শ মোতাবেক পরিচর্যা করে খুবই সফল হয়েছেন। দুই কৃষকের মাচায় দুই হাজার করে চার হাজারের অধিক তরমুজের ফলন হয়েছে। বাজারে পাইকারি ৭০/ ৮০ টাকা কেজি ধরে তরমুজগুলো বিক্রি হচ্ছে।
মাটির উর্বরতা বেশী থাকায় কৃষক নারায়ণের জমিতে তরমুজের ওজন ৬/৭ কেজি পর্যন্ত হয়েছে। গড় হিসেবে ৩/৪ কেজির বেশী ওজন হওয়ায় কৃষক নারায়ণ চন্দ্র তার জমি থেকে চার লাখের অধিক টাকা উপার্জন করেছেন। পাশাপাশি সাইজে তুলনামূলক ছোট হলেও কৃষক শামসুল ও তার জমি থেকে আড়াই থেকে তিন লাখ টাকার তরমুজ বিক্রি নিয়ে আশাবাদী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর অফ সিজনের তরমুজ চাষে রঙিলা, কালো মানিক ও ব্লাকবেরী তিন জাতের চাষ হয়েছে। রঙিলা জাতের তরমুজ বাইরে হলদে প্রকৃতির আর ভেতরে লাল, কালো মানিক জাতের তরমুজ বাইরে কালো ভেতরে লাল আর ব্লাকবেরী জাতের তরমুজ বাইরে কালো ভেতরে হলুদ বর্ণের।
কৃষি অফিস জানান, বৈরী আবহাওয়াও মাচা পদ্ধতির অফ সিজনের তরমুজ চাষে লোকসানের আশংকা কম। সারা বছরই উচ্চমূল্যের অফ সিজন তরমুজের চাষাবাদের সুযোগ রয়েছে ।
প্রদর্শনীর আওতায় দুই কৃষকের জমিতে উচ্চমূল্যের তরমুজের বাম্পার ফলনে অধিক লাভ হওয়ায় এলাকার অনেক কৃষক তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আগামীতে
অফ সিজনের তরমুজের চাষাবাদ রাউজানে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি।
এ/কে.


আপনার মতামত লিখুন