নিহত গৃহপরিচারিকা সাহিদার বাড়ীতে সস্ত্রীক এলেন আকরাম খান
সীতাকুণ্ড প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক মোঃ আকরাম খানের ঢাকার বাসার গৃহপরিচারিকা সীতাকুণ্ডের মেয়ে নিহত সাহিদা বেগমের পরিবারকে দেখতে এসে আবেগ প্রবণ হয়ে পড়েন বিসিবি পরিচালক আকরাম খান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার পৌরসভাধীন ২নং ওয়ার্ড ফকির পাড়ায় সাহিদা বেগমের বাড়িতে আসেন আকরাম খান ও তার স্ত্রী। এসময় সাহিদা বেগমের বোন ও মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম।
উল্লেখ্য, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খানের বাসায় দীর্ঘ ১৪ বছর ধরে গৃহপরিচারিকা হিসেবে থাকতেন সীতাকুণ্ডের সাহিদা বেগম। গত ২৮ আগষ্ট আকরাম খানের বাসার দুই বিল্ডিংয়ের মাঝ নিচ থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আকরাম খান সাহিদার মা,বাবাকে বলেন, “সাহিদা ছিল আমার মেয়ের মতো। আমরা কখনো তাকে গৃহ পরিচারিকার চোখে দেখিনি। সে ছিল আমাদের পরিবারের একজন। আল্লাহর ইচ্ছায় হয়তো সে চলে গেছে। কিন্তু সে মারা যাওয়ার পর থেকে আমার স্ত্রী ও মেয়ে এতটাই ভেঙ্গে পড়েছে। “যতদিন বেঁচে থাকব তাদের পরিবারের পাশে থাকব ইনশাল্লাহ। সে বেঁচে থাকতে যেভাবে সহায়তা করতাম মারা যাওয়ার পরও একইভাবে পরিবারের পাশে থাকব।”



আপনার মতামত লিখুন