লোহাগাড়ায় কৃষকের ধান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা
চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে মাড়াই করার জন্য জমিতে রাখা ২২০ শতক ধান আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। গত ২১ নভেম্বর (সোমবার) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের লস্কর পাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী এলাকার কৃষক মো. মনছুর আলম লোহাগাড়া থানায় অজ্ঞাত ২/৩ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মসজিদের মোয়াজ্জিন রিফাত মাহমুদ জানান, ভোরে আজান দিতে মসজিদে যাওয়ার সময় মাঠে আগুন দেখে কৃষকে ফোন দিয়ে জানালে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে আগুনে সব ধান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন জানান, যারা এ কাজটি করেছে তা অত্যন্ত অমানবিক ও গর্হিত কাজ করেছে। অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ক্ষতিগ্রস্ত কৃষক মনছুর আলম কান্না জড়িত কণ্ঠে জানান, আমরা এলাকার খুবই অসহায়। অনেক আশা নিয়ে দুইশ (২০০) শতক জমিতে আমন ধান বুনে ছিলাম। এ বছর ধানের ফলন দেখে খুশীও হয়েছিলাম।
পাকা ধান কেটে আজ মাড়াইয়ের জন্য স্তূপ করে রেখে ছিলাম। কিন্তু কে বা কারা আগুন লাগিয়ে দিলে সম্পূর্ণ মাড়াই করার জন্য রাখা ধান পুড়ে ছাই করে ফেলে।
পুড়ে যাওয়া ধানে আমার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, বড়হাতিয়া ইউনিয়নে পাকা ধান পুড়িয়ে ফেলার বিষয়ে মামলা এজহার হয়েছে। তদন্ত পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন