খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
একইসঙ্গে বেগম জিয়ার যথাযথ চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারান্তরীণ ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কারাগারে যাওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্যে চরম অবনতি হয়েছে। তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। কারাগারে অসুস্থ হওয়ার কারণেই তাঁকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু তিনি পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘের নিয়ম অনুযায়ী খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার জামিন আবেদন গত ১২ ডিসেম্বর সর্বোচ্চ আদালতে বাতিল হয়ে যায়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজাসহ মোট ১৭ বছরের সাজা ভোগ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন