কক্সবাজারে রান্নাঘরে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার ৭ ডিসেম্বর রাত আটটার দিকে রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পাহাড়তলী ঝর্ণাঘোনা এলাকায় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন মৃত নাজির হোসেনের ছেলে আজিজুর রহমান (৫২), আজিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিলফুরুজ বেগম (৬৮) এবং পুত্রবধূ নাসিমা আক্তার (২২)।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিসের দমকল কর্মী এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
রামু উপজেলা নির্বাহি অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, রাতে পরিবারের ছোট বাচ্চাদের অন্য কক্ষে রেখে রান্নাঘরে খাবার খেতে বসেছিলেন- পরিবারের চার সদস্য। এসময় পেছনে থাকা বিশাল পাহাড় ধসে রান্না ঘরের উপর পড়ে। নিহত ৪ জনই একই পরিবারের সদস্য। এরমধ্যে নিহত আজিজুর রহমান এবং তার স্ত্রী, শাশুড়ি ও পুত্রবধু রয়েছেন।
রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দলনেতা মো. হাসান চৌধুরী জানিয়েছেন- পাহাড় ধ্বসে পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান- নিহতদের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন