খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৯:২৯ পূর্বাহ্ণ
আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। প্রতীক্ষিত সম্মেলন ঘিরে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী ও অনুসারীরা শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে সম্মেলনস্থলের আশপাশসহ জেলা ও নগরের বিভিন্ন স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে ডেলিগেটসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল ১১টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মুখ ময়দান জিমনেশিয়ামে সম্মেলন শুরু হবে। সপ্তাহকাল ধরে সম্মেলনস্থলের আশপাশ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান পদপ্রত্যাশী নেতাদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে।

গুরুত্বপূর্ণ পদে আসতে চান এমন নেতারা নিজ নিজ উপজেলা থেকে উপস্থিত হয়ে শোডাউনের প্রস্তুতিও সম্পন্ন করেছেন। অনেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দেওয়া, শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ, জেলা ও উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আসা, অনুসারীদের নিয়ে শীর্ষ নেতাদের অবস্থান জানান দেওয়াসহ রাজনৈতিক শক্তির জানান দিতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হবেন সম্মেলনে।

সম্মেলনে শোডাউন দিতে পারেন এমন নেতা ও অনুসারীদের মধ্যে রয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা নেজাম উদ্দিন নদভী, মোস্তাফিজুর রহমান চৌধুরী। আরও রয়েছেন—আবুল কালাম চৌধুরী, এস এম আবুল কালাম, মফিজুর রহমান, চন্দনাইশ থেকে ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ, পটিয়া থেকে মোহাম্মদ নাছির, আইয়ুব আলী, আবদুল কাদের সুজন, সালাউদ্দিন সাকিব, বোরহান উদ্দিনসহ অনেকে।

একাধিক নেতাকর্মী বলেন, সম্মেলন ঘিরে সম্ভাব্য সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রত্যাশীরাও তদবিরের দৌড়ে আছেন। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক বহাল থাকার ব্যাপারে প্রায় নিশ্চিত থাকলেও গুরুত্বপূর্ণ অন্য পদে আসতে মরিয়া হয়ে উঠেছেন অনেক পদপ্রত্যাশী নেতা। এর মধ্যে দলের কোনো কর্মসূচি ও মাঠের রাজনীতিতে নেই এমন নেতারাও পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডলার বলেন, ‘দক্ষিণ জেলার সম্মেলন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সুন্দর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’ পটিয়া থেকে প্রায় দেড় হাজারের ওপরে নেতাকর্মী নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, ‘সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমার নেতৃত্বে ২-৩ হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হবো সম্মেলনে।’

সম্মেলনে উদ্বোধক থাকবেন দলের সভাপতিমণ্ডলীয় সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় অনেক নেতা উপস্থিত থাকবেন। ২০০৫ সালের ২৩ জুলাই নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সর্বশেষ সম্মেলন হয়েছিল।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…