মুহুরী সেতুর ৮০ ভাগ কাজ শেষ
মুহুরী সেতুর ৮০ ভাগ কাজ শেষ
ফেনী নদীতে নির্মিতব্য ৫৪ কোটি টাকা ব্যয়ে মুহুরী সেতুর ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতুটি চালু হলে সড়ক পথে যাতায়াতের দুরত্ব কমবে তিন জেলার মানুষের। সময় বাঁচবে অন্তত ২ ঘন্টা। প্রভাব পড়তে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যবসা-বানিজ্যে। দ্রুত এগিয়ে চলছে সেতু নির্মাণের কাজ। এই সেতুকে ঘিরে নতুন করে স্বপ্নের জাল বনুছেন নদীর দুপারের মানুষ। চট্টগ্রাম জেলার সাথে বৃহত্তর নোয়াখালী ও লক্ষীপুর জেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার সড়ক যোগাযোগের সুবিধার্থে ফেনী নদীতে মুহুরী সেতুটি নির্মাণ করছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

সওজ ফেনী জেলা অফিস সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়ক ও ফেনী জেলার সোনাগাজী সড়কের সাথে সংযোগ করে ফেনী নদীর উপর মুহুরী সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপদ বিভাগ। ৫৪ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ করছে হাসান টেকনো বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটির দৈর্ঘ্য ৩৯১ মিটার, প্রস্থ ১০.২৫ মিটার, ৯টি স্প্যানে ৮টি পিলার, ২টি এ্যাপার্টমেন্ট হয়েছে। মোট ফাইলিং হয়েছে ১২৮টি। প্রতিটি ফাইলিং ৩৮ মিটার থেকে ৪৮ মিটার পর্যন্ত গভীর করা হয়েছে। প্রতি স্প্যানে ৫টি করে মোট ৪৬টি গার্ডার বসানো হয়েছে। সেতুর কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারি মাসে।
সরেজমিনে দেখা যায়, ফেনী নদীতে মুহুরী সেতু এখন প্রায় দৃশ্যমান। সেতুর উভয় পাশের কাজ সম্পন্ন হয়ে গেছে। শ্রমিকরা এখন সেতুর মাঝামাঝি অংশে কাজ করছে। সেতু নির্মাণের কাজে নিয়োজিত রয়েছে প্রায় শতাধিক শ্রমিক। সেতুর জন্য ইতোমধ্যে দুই পাশে ৪’শ মিটার অ্যাপ্রোচ সড়কও নির্মাণের শেষ পর্যায়ে।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ফেনী জেলার উপ-সহকারি প্রকৌশলী এবং মুহুরী সেতুর প্রকল্প পরিচালক মাজহারুল হক বলেন, মুহুরী সেতুটি নোয়াখালী জেলার সোনাপুর সড়ক ও ফেনী জেলার সোনাগাজী সড়ক এর সাথে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের জোরারগঞ্জ সড়কের সংযুক্ত ঘটাবে। মুহুরী সেতুর ফাইলিংয়ের কাজ ১০০% আর সেতুর সার্বিক অগ্রগতি ৮০% এর চেয়ে একটু বেশি।
মিরসরাই উপজেলার নবাগত ইউএনও মাহফুজা জেরিন জানান, আমিতো সবেমাত্র দুদিন হয়েছে কর্মদিবস শুরু করেছি। তাই সব বিষয়ে এখনও অবগত নই। তবে মুহুরি সেতুর বিষয়ে জেনেছি খুব শীঘ্রই কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নিবো।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন