শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার উদ্যোগ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। এ জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠানো, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রত্যাবর্তনের ব্যবস্থা এবং দেশে ফেরার পর আইনি হেফাজতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণার প্রস্তাবও রয়েছে নোটিশে। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোতে ভার্চুয়াল বিচারব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।
নোটিশদাতা দাবি করেছেন, এ উদ্যোগ কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সংবিধানসম্মত আইনি অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে লিখিতভাবে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।



আপনার মতামত লিখুন