চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জন হত্যা
হাছান-নওফেলসহ ২২ আসামির মামলায় সাক্ষ্যগ্রহণ আজ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের এ পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যপর্ব শুরু হবে।
এর আগে গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়।
মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন পাঁচ আসামি। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ১৭ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
প্রসিকিউশনের তথ্যমতে, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তবে এ আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন গ্রেপ্তার পাঁচ আসামি। এ নিয়ে ২১ সেপ্টেম্বর প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। পরে ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ৫ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেন।
মামলার অভিযোগে তিনটি পৃথক ঘটনার বিবরণ তুলে ধরেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার ঘটনা আনা হয়েছে।
এ ছাড়া তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিবরণ রয়েছে।
এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর মধ্য দিয়ে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের বিচারিক কার্যক্রম নতুন পর্যায়ে প্রবেশ করছে।



আপনার মতামত লিখুন