খুঁজুন
, ,

কুড়িগ্রামে আট’শ অসহায় মানুষকে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 13 January, 2024, 3:21 pm
কুড়িগ্রামে আট’শ অসহায় মানুষকে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলাস্থ ঘোগাদহ ইউনিয়ন এর খামার রসুলপুর গ্রামে শীতেকাতর, অসহায় মানুষের মাঝে প্রায় আট শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে।

“আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

দুধকুমর নদী সংলগ্ন চরাঞ্চলের অসহায় মানুষগুলোর মাঝে প্রচন্ড শীতের এই সময়ে কিছুটা উষ্ণতা দিতেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যরা আগেই প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন এবং অসহায় মানুষগুলোর মাঝে টোকেন বিতরণ করেন। পরবর্তীতে নির্ধারিত দিনে অর্থাৎ আজ সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

উল্লেখিত এই বিতরণ কাজে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঢাকা, দিনাজপুর ও গাইবান্ধার স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

উল্লেখ্যযে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার।

এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

Feb2
Feb2

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 12:57 pm
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (০৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 8:30 am
ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

জিয়ান্নি ইনফান্তিনো যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন। অথচ খুব সহজেই টানা চতুর্থবার ফিফা প্রধানের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হিসাবনিকাশ পাল্টে দিলো। এই পরিকল্পনা বাতিল করেও রেহাই পাচ্ছেন না। তাকে গদি থেকে নামাতে এবার একজোট হয়েছেন উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা।

ইতালিয়ান-সুইস প্রশাসকের ওপর আস্থা হারানোর কথা ইতোমধ্যে জানিয়েছিল উয়েফা। আগামী মার্চের নির্বাচনে তাকে পুনঃনির্বাচনে সমর্থন প্রত্যাহার করেছে ইংলিশ ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় চাকরি বাঁচানো তার জন্য কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। কিছু গণমাধ্যমের দাবি, টিকে থাকতে সোমবার হোয়াইট হাউজে ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন তিনি।

আর এবার দ্য টাইস এক প্রতিবেদনে বলেছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে ‘ফিফাকে অচল’ করতে তিন কনফেডারেশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। একই প্রতিবেদনে যোগ করা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট যদি ক্ষমতায় থেকে যান এবং আগামী নির্বাচনে লড়াই করতে চান, তাহলে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে রেখেছে তারা।

এর মধ্যে রয়েছে নিজেদের মতো করে একটি ‘বিদ্রোহী’ প্রতিযোগিতা আয়োজন করবে এই তিন ফুটবল সংস্থা। আর ‘সরকারি বয়কট’ তো রয়েছেই। এর মানে তারা ফিফার সিদ্ধান্ত কিংবা পরিষদ ও কমিটি বৈঠকে থাকতে অস্বীকৃতি জানাবে।

দ্য টাইমস এক সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘সবাই দৃঢ়প্রতিজ্ঞ যে তাকে যেতেই হবে। তা না হলে আমরা তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর মধ্যে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাও রয়েছে – দক্ষিণ আমেরিকার বড় দেশগুলো কি ফ্রান্স বা স্পেন নাকি লেবানন বা জিবুতির সঙ্গে খেলতে বেশি পছন্দ করবে? সবাই খুব দৃঢ়প্রতিজ্ঞ, এখন আর পিছু হটার কোনো সুযোগ নেই।’

জানা গেছে, বেশ কিছু দেশ ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। এখন পর্যন্ত কেবল ১৫ দেশের সমর্থন পেয়েছেন তিনি। অথচ সপ্তাহখানেক আগেও মার্চের পুনঃনির্বাচনে দাঁড়াতে ৫৬ বছর বয়সী ২১১ ফিফা সদস্যের প্রায় সবার সমর্থন পেয়েছিলেন। জিততে তার ১০৬ ভোটের দরকার ছিল।

এখন পর্যন্ত কোনো প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে এগিয়ে আসেননি। অবশ্য ১৮ নভেম্বর পর্যন্ত হাতে সময় আছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক দেশ ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানালে জরুরি ফিফা পরিষদ বৈঠক ডাকতেই হবে।

শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 August, 2026, 2:57 pm
শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তীতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।