সাংবাদিক সুমনকে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক
নির্বাচনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীর হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে হাসপাতালে গেছেন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইশরাক হোসেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনকে দেখতে যান তারা। এসময় বিএনপির মেয়র প্রার্থীরা তার সাথে কথা বলেন এবং শারিরীক খোঁজ-খবর নেন।
পরে সাংবাদিকদেরকে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো উপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সকলের জন্য বজায় রাখার জন্য। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এবিষয়টি আমাদের আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরও বেশি দূরে ঠেলে দেয়।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, তাদের প্রতিশ্রুতির সাথে কর্মের কোন মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান তাবিথ।
ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তিন চারদিন আগে আমাদের প্রচারণায় হামলা করেছিল সেইখানেও তিনজন সাংবাদিক আহত হয়েছে। নির্বাচন যেসকল সংবাদিক দায়িত্ব পালন করেছিল, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছে বলেই তাদের ওপর ন্যাক্কার জনক হামলা চালিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলাদেশ লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।


আপনার মতামত লিখুন