করোনার বিষ ছড়িয়ে পড়েছে সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে! ১৫ জনের নমুনায় ১০ জনই আক্রান্ত
২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের পর এবার বোয়ালখালীর সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনার বিষ। ১৫ জনের নমুনা পরীক্ষা দিয়ে ১০ জনের শরীরেই মিলেছে করোনার সংক্রমণ।
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন।
এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিনের সঙ্গে করোনা আক্রান্ত পরিবারের অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।
এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।
বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনা ভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।
২৪ ঘণ্টা/পূজন সেন/রাজীব প্রিন্স


আপনার মতামত লিখুন